অভ্যুত্থানের পর ব্যাংককের পরিস্থিতি ছিল আপাত শান্ত
থাইল্যান্ডে রক্তপাতহীন অভ্যুত্থানের পর আপাত শান্ত পরিস্থিতি নিয়ে ব্যাংকক থেকে বিডিনিউজ২৪ডটকমের জন্য লিখছেন ব্র“স অভাসদানন্দ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাতের একদিন পর সেখানে আবার শান্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
ব্যাংককবাসী রাজনৈতিক পট পরিবর্তনের সাথে নিজেদের খুব দ্রুত খাপ খাইয়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের দেখে মনে হবে, যেন সেখানে কিছুই হয়নি।
ব্যাংককের হোটেল, শপিং সেন্টার ও অধিকাংশ রেস্টুরেন্ট আগের মতোই খোলা রয়েছে এবং সেসব জায়গায় সেবার ক্ষেত্রেও কোনও হেরফের ঘটেনি।
ব্যাংকক শহরের স্কাই ট্রেন এবং সাবওয়ে সিস্টেম পুরোদমে চলছে। সিটি বাস চলাচলও একদিনই পরই আগের মতো স্বাভাবিক। বিদেশী পর্যটকরাও আবার কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন।
সিএনএন টেলিভিশনে প্রচারিত দৃশ্যে থাই রাজার প্রতি আনুগত্য চিহ্ন নিয়ে হলুদ ফিতা বাঁধা যেসব সাজোয়া যান দেখানো হয়েছে সেগুলো মূলত গভর্নমেন্ট হাউজ এবং কিং প্যালেসের মতো সরকারি ভবনকে ঘিরে মোতায়েন থাকতে দেখা গেছে।
ব্যাংকক শহরের অধিকাংশ এলাকা থেকে সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। সকল গণমাধ্যম আবার তাদের স্বাভাবিক অনুষ্ঠান প্রচার শুরু করছে। এর আগে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে স্থানীয় টেলিভিশন ও রেডিওগুলোর স্বাভাবিক অনুষ্ঠান প্রচার বন্ধ রেখে তার পরিবর্তে থাই রাজতন্ত্রের গুণগান প্রচার করা হয়।
অভ্যুত্থান শুরু হওয়ার পরপরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কয়েক ঘন্টার জন্য আন্তর্জাতিক চ্যানেলগুলোর সম্প্রচার ব্যবস্থা বন্ধ রাখা হয়। বুধবার বিকেল থেকে স্থানীয় দর্শকরা লোকাল ক্যাবল নেটওয়ার্ক ইউবিসির মাধ্যমে আবার সিএনএন এবং বিবিসি দেখতে পাচ্ছেন। তবে সরকারের জনসংযোগ বিভাগসহ নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে এখনও প্রবেশ করা যাচ্ছে না।
প্রশাসনিক সংস্কার পরিষদ (এআরসি) এখন দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে এবং রাজা ভূমিবল রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি হিসেবে ক্ষমতায় বহাল রয়েছেন। সেনাবাহিনীর কমান্ডার জেনারেল সন্তি বুনিয়ারাতকালিন এআরসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শীর্ষ স্থানীয় সামরিক ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ পরিষদ গঠন করা হয়েছে।
এআরসি অভ্যুত্থানের চারটি কারণ খুঁজে বরে করেছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে থাকসিন থাই সমাজে মারাত্মক সংঘাত ও সংঘর্ষ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। তিনি সংঘাত ও সংঘর্ষের বিষয়টিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে থাইল্যান্ডের ইতিহাসে এর আগে এমন ঘটনার আর কোনও নজির নেই।
দ্বিতীয়টি দুর্নীতি। দুর্নীতি এমনটাই ছড়িয়ে পড়েছিল যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
তৃতীয় হচ্ছে থাকসিনের শাসনে স্বাধীন সংস্থাগুলো স্বাধীন ছিল না এবং তারা জাতীয় সমস্যার সমাধান বা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছিল না।
এআরসির পক্ষ থেকে বলা হয়েছে, এতে করে রাজতন্ত্রের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে।
সর্বশেষ কারণ, থাকসিন থাইল্যান্ডের মহামান্য রাজা সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করেছেন।
পরিষদ বুধবার জাতীয় ছুটি ঘোষণা করায় ব্যাংক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিস বন্ধ ছিল। তবে কয়েকটি দূতাবাস খোলা থাকতে দেখা যায়। জাতিসংঘ দূতাবাস বন্ধ ছিল এবং বৃহস্পতিবারেও বন্ধ থাকবে। থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জে বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ ছিল।
রাস্তাঘাটে তেমন লোকজন দেখা যায়নি। অনেকেই এআরসির পক্ষ থেকে সর্বশেষ কী ঘোষণা দেওয়া হয় তা শোনার জন্য টিভির সামনে বসে অপেক্ষা করছেন। মঙ্গলবার রাত থেকেই এআরসির পক্ষ থেকে দফায় দফায় বুলেটিন প্রচার করা হচ্ছে।
এদিকে পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির উদ্যোগে বুধবার একটি থাকসিন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনিক সংস্কার পরিষদ রাজনৈতিক উদ্দেশ্যে পাঁচজনের বেশি লোক জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এছাড়া পণ্যের হোর্ডিং এবং ফায়দা লুটের নেওয়ার জন্য পণ্যের দাম বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগের সরকারের আমলের সকল আন্তর্জাতিক প্রক্রিয়া বজায় থাকবে এবং কূটনৈতিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
মাত্র দু সপ্তাহের জন্য প্রশাসনিক সংস্কার পরিষদ যেহেতু ক্ষমতায় থাকবে এবং আগামী মাসেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে এ প্রত্যাশা থাইবাসীরা করতেই পারেন।
