২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কোন্নয়নে ইরান--ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান এবং ভেনেজুয়েলা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান এবং ভেনেজুয়েলা।

সফররত ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার তেল অনুসন্ধান ও গাড়ী প্রস্তুতকরণসহ বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে।

দুই নেতা নিজেদের ‘বিপ্লবী’ হিসাবে উল্লেখ করে বলেন বিপ্লবকে আরো জোরালোভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা নিজেদের মধ্যে ২৯টি চুক্তি স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরিত চুক্তির আওতায় দেশ দুটি যৌথউদ্যোগে পেট্রোকেমিক্যাল ও স্টিল কারখানা এবং পেট্রোলিয়াম অনুসন্ধানে যৌথ কম্পানি স্থাপন করবে।

এছাড়াও তারা একটি গাড়ি তৈরির কারখানা নির্মাণ করবে যেখানে উন্নয়নশীল দেশগুলোর জন্য ফ্যামিলি কার তৈরি হবে।

আহমাদিনেজাদের কারাকাস সফর দুটি দেশের কৌশলগত সম্পর্কোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে শ্যাভেজ অভিমত প্রকাশ করেন।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সোমবার সকালে ভেনেজেুয়েলা পৌঁছানোর পর তাঁকে পূর্ণ সামরিক কায়দায় অভিবাদন জানানো হয়।

উল্লেখ্য, ইরান ও ভেনেজুয়েলা উন্নয়নশীল দেশগুলোর  মধ্যে ক্রমবর্ধমান যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবের নেতৃত্বে রয়েছে। 

একটি একক পরাশক্তিবিহীন বিশ্ব গড়ার উপায় নিয়ে উভয় নেতার মধ্যে ব্যাপক আলোচনা হয়।

কারাকাস বিমানবন্দরে পৌঁছে আহমাদিনেজাদ শাভেজের সাথে করমর্দন করার সময় বলেন, যারা বিশ্বে একক পরাশক্তির থাকার বিরোধিতা করেন সেসব বিপ্লবীদের আমি স্যালুট করি।

তিনি বলেন, ভৌগলিক দিক থেকে আমাদের মধ্যে দূরত্ব থাকলেও চিন্তা-ধারা ও আবেগের দিক থেকে আমাদের মধ্যে ঘণিষ্ঠতা আছে। আমাদের চিন্তা-ধারা ও স্বার্থ একই।

শ্যাভেজ বলেন, দুই দেশের মধ্যকার ঐক্য বিশ্বে ভারসাম্য আনবে এবং আমাদের সন্তান ও তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যত রক্ষা করবে।

ইরান চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগে নিজ দেশের পরমাণু কর্মসূচি নিয়ে অন্যদের সমর্থন লাভের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্যপদ লাভের জন্য ভেনেজুয়েলার প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে।

শ্যাভেজ বলেন, তিনি ইরানকে সমর্থন দেবেন। তিনি বলেন, ইউরেনিয়াম সৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে জাতিসংঘের দাবি উপেক্ষা করার পর থেকে ইরান ‘আগ্রাসনের হুমকির মুখে রয়েছে’।

উভয় নেতা কিউবার রাজধানী হাভানায় সদ্য সমাপ্ত জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দেন।