ইসলাম অবমাননা বিতর্ক : পোপের ‘দুঃখ প্রকাশ’
ইসলাম সম্পর্কিত বক্তব্যে মুসলমানরা ক্ষুব্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। জার্মানির এক বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।
পোপের দুঃখ প্রকাশ করে দেওয়া এক বিবৃতি শনিবার ভ্যাটিকানের এক উর্ধ্বতন কর্মকর্তা পড়ে শোনান। ওই বিবৃতিতে পোপ বলেন, তিনি ইসলামকে সম্মান করেন এবং আশা করছেন মুসলমানরা তার বক্তব্যের মর্মার্থ বুঝতে সক্ষম হবে।
বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে একথা জানা গেছে।
জার্মানিতে বক্তব্য রাখার সময় পোপ চতুর্দশ শতকের এক খৃষ্টান সম্রাটকে উদ্ধৃত করে বলেন, হযরত মোহাম্মদের (সাঃ) আগমন বিশ্বে কেবল ‘অশুভ ও অমানবিক’ বিষয়ের সূচনা করেছে। পোপের এই বক্তব্যের পর সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মুসলমানরা ইসলামকে ‘অবমাননা’ করার জন্য পোপের ক্ষমা প্রার্থনার দাবি জানায়।
জার্মানির রেজেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ‘ফেইথ, রিজন অ্যান্ড দি ইউনিভার্সিটি : মেমোরিস অ্যান্ড রিফ্লেকশনস’ শীর্ষক পোপের ওই বক্তব্যের সে অংশগুলো নিয়ে ক্ষোভের সূচনা হয় সেগুলো নিচে দেওয়া হলো-
বিশ্ববিদ্যালয় জীবন প্রসঙ্গে পোপ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে আবারো আসতে পারা এবং এই মঞ্চে দাঁড়িয়ে আবারো বক্তব্য রাখা আমার অনুভূতিকে দারুণভাবে নাড়া দিয়েছে।’ উল্লেখ্য, পোপ বনের ওই বিশ্ববিদ্যালয়ে ১৯৫৯ সালে যোগ দেন এবং কয়েক বছর সেখানে শিক্ষকতা করেন।
পোপ বলেন, ‘ওই বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিষয়ে দুটি বিভাগ চালু আছে। যুক্তিপূর্ণ বিশ্বে দুটি ধর্মের সহাবস্থান কোন সমস্যাই সৃষ্টি করেনি। যদিও কোন এক সময় আমার এক সহকর্মী বলেছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে অদ্ভুত একটা ব্যাপার হলো এখানে এমন একটি বিষয় নিয়ে দুটি বিভাগ চালু আছে যার (ঈশ্বর) কোন অস্তিত্বই নেই। এ ধরনের বৈপ্লবিক চিন্তাধারার মাঝেও যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই সে সম্পর্কে চিন্তা করা জরুরি এবং তা যৌক্তিকও বটে। আর সেটা করতে হবে ঐতিহ্যবাহী খৃষ্ট ধর্মীয় বিশ্বাসের আলোকে। এই বিশ্বাস এই বিশ্ববিদ্যালয়ে প্রশ্নাতীতভাবে গৃহীত হয়েছে।’
ধর্মযুদ্ধ প্রসঙ্গে পোপ বলেন, ‘সম্প্রতি আমি এই বিষয়ে আবারো অবগত হয়েছি। যখন আমি সম্ভবত ১৩৯১ সালের শীত মৌসুমে আঙ্কারায় বসে বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েল দ্বিতীয় প্যালিওলোগাস ও পারস্যের এক শিক্ষিত ব্যক্তির মধ্যে খৃষ্টান ও ইসলাম এবং এদের অন্তর্নিহিত সত্য নিয়ে আলোচনার অংশবিশেষ পাঠ করছিলাম। উভয়ের মধ্যে আলোচনার সপ্তম অধ্যায়ে সম্রাট ধর্মযুদ্ধ প্রসঙ্গে আলোচনার সূচনা করেন। বিস্তারিত বর্ণনায় না গিয়ে তিনি আসমানি কিতাবের অনুসারী ও অবিশ্বাসীদের আলাদা চোখে দেখার বিষয়টি নিয়ে আসেন। সম্রাট সহিংসতা ও ধর্মের মধ্যে যোগসূত্র খোঁজার মধ্যে তার আলোচনা কেন্দ্রীভূত রেখেছিলেন। সম্রাট পারস্যের ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, আপনাদের নবী বিশ্বে নতুন কি এনেছেন আমাকে বলুন, সেখানে তো আপনি অশুভ আর অমানবিক বিষয় ছাড়া আর কিছুই পাবেন না। যেমন তিনি তলোয়ারের মাধ্যমে সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। পরে সম্রাট এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং যুক্তি দিয়ে বুঝিয়ে দেন কেন সহিংসতার মাধ্যমে ধর্ম প্রচার যুক্তিযুক্ত হতে পারে না। তিনি বলেন, ‘সহিংসতা ঈশ্বর ও আত্মার প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। রক্তপাতের মাধ্যমে ঈশ্বরকে খুশি করা যায় না। যুক্তি দিয়ে কাজ করার সাথে ঈশ্বরের প্রকৃতির কোন বিরোধ নেই। বিশ্বাস জন্মে আত্মা থেকে, শরীর থেকে নয়। যে ব্যক্তি অন্যকে বিশ্বাসের পথে ধাবিত করে তাকে অবশ্যই মিষ্টভাষী ও যুক্তিপূর্ণ হতে হবে, তাকে সহিংস ও হুমকিদানকারী হলে চলবে না।’’’
ধর্ম ও যুক্তি প্রসঙ্গে পোপ বলেন, ‘‘সহিংসতার বিরুদ্ধে যুক্তি দিতে গিয়ে স্পষ্টভাষায় আমি যে বিবৃতি দিতে চাই সেটা হলো, যুক্তি দিয়ে কাজ না করা ঈশ্বরের প্রকৃতির বিরোধী। সম্পাদক থিওডোর কোউরির মতে, গ্রিক দর্শনের অনুগামী বাইজেন্টাইন সম্রাট নিজের সম্পর্কেই ওই বিবৃতি দিয়েছিলেন। কিন্তু মুসলমানদের শিক্ষা হলো ঈশ্বর পুরোপুরি নিরাকার। তাই তার ইচ্ছা আমাদের কোন ইচ্ছার সাথেই তুলনীয় নয়, সেটা যতোই যৌক্তিক হোক না কেন।
ঠিক এই বিষয়ে, যেহেতু এখানে ঈশ্বর সম্পর্কে বোঝাপড়া এবং ধর্মের যথোপযুক্ত চর্চার বিষয়টি জড়িত, আমরা নিয়তির নিয়মেই উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। যুক্তিবিরোধী কাজ করা যে ঈশ্বরের প্রকৃতির বিরোধী সেটা কি শুধুই গ্রিক দর্শন? নাকি এটি এক অমোঘ সত্য?’
ধর্মতত্ত্ব ও বিজ্ঞান প্রসঙ্গে পোপ বলেন, ‘১৯ ও ২০ শতকের উদার ধর্মতত্ত্ব দ্বিতীয় ধাপে পৌঁছে অ্যাডলফ ভন হার্নাকের হাত ধরে। বলা হয়ে থাকে, যীশু নৈতিকতাকে পূজা করার যে রীতি তার অবসান ঘটিয়েছিলেন। শেষপর্যন্ত তিনি নিজেকে একজন মানবদরদী নীতি-নৈতিকতার প্রবক্তা হিসেবে স্বীকৃত হন। মূল কথা হলো, হার্নাক খৃষ্ট ধর্ম ও আধুনিক যুক্তিবাদী ভাবদর্শনকে একই সূত্রে বাঁধতে চেয়েছিলেন।
কিন্তু ধর্মতত্ত্বকে ‘বিজ্ঞানভিত্তিক’ হিসাবে দাবি করার যেকোন উদ্যোগ খৃষ্ট ধর্মকে এর আদি অবস্থান, অর্থাৎ ক্ষুদ্রতর অবস্থানেই ফিরিয়ে নিয়ে যাবে। মানবতার জন্য এ এক বিপদজনক সময়। যুক্তির দুর্বলতার কারণেই ধর্মের অন্তর্নিহিত বিষয়গুলো বিতর্কিত হয়ে পড়ে। আর তখনই বিপদের সূচনা হয়। তখন আর ধর্ম কিংবা নৈতাকিতার বিষয়টি বিবেচ্য হয় না।’
বক্তব্যের উপসংহারে পোপ বলেন, ‘কাউকে আহত করা কিংবা নেতিবাচক সমালোচনা করা আমার এ বক্তব্যের উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যুক্তি ও এর প্রয়োগ নিয়ে আমাদের ধারণার ব্যাপ্তি ঘটানো। কেবল এভাবেই আমরা সংস্কৃতি ও ধর্ম নিয়ে সত্যিকারের আলোচনা শুরু করতে সক্ষম হবো। এই মূহূর্তে এটা খুবই জরুরি। পশ্চিমা বিশ্বে এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইতিবাচক যুক্তি ও এর ওপর ভিত্তি করে প্রণীত বিভিন্ন দর্শন সারা বিশ্বেই সমানভাবে গ্রহণযোগ্য। এরপরও বিশ্বের বিভিন্ন ধর্মের নিজস্ব সংস্কৃতির কারণে যুক্তির জগতের এই সর্বজনীনতা হারিয়ে যায়। কারণ, এটাকে অনেক ধর্ম নিজেদের ওপর আক্রমণ হিসাবে দেখে থাকে। যে যুক্তি স্বর্গের আহ্বান থেকে মুখ ফিরিয়ে রাখে এবং যা ধর্মকে খণ্ড খণ্ড সংস্কৃতিতে বিভক্ত করে তা কখনই সংস্কৃতি সম্পর্কিত আলোচনায় প্রবেশ করার ক্ষমতা রাখে না।’
