আবারো মা হলেন ব্রিটনি স্পিয়ার্স
আবারো মা হলেন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। প্রথম সন্তানের জন্মের এক বছর পূর্তির মাত্র দু’দিন আগে তিনি দ্বিতীয় সন্তানের মা হলেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দেন ২৪ বছর বয়সী বিখ্যাত এই পপ স্টার।
পিপল ম্যাগাজিন জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে।
ব্রিটনির প্রথম সন্তান শন প্রেস্টন ১৪ ই সেপ্টেম্বর এক বছরে পা দেবে। ব্রিটনি এবং তার স্বামী কেভিন ফেদেরলাইন তাদের দ্বিতীয় সন্তানের জন্মে বেশ খুশী।
স্পিয়ার্সের ‘বেবি ওয়ান মোর টাইম’ অ্যালবামটি ১৯৯৯ সালে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছিল। আলোচিত অ্যালবামটির ৬ কোটি কপি বিক্রি হয় বিশ্বজুড়ে। এ ছাড়া তার ২০০১ সালে বের হয় “ওপস্! ... আই ডিড ইট অ্যাগেইন” অ্যালবামটি প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছিল ১৩ লাখ কপি।
সম্প্রতি একটি জনপ্রিয় ম্যাগাজিনে স্পিয়ার্সের ৬ মাসের গর্ভাবস্থার নগ্ন ছবি প্রকাশিত হলে তুমুল বিতর্কিত হয়ে পড়েন এই পপ তারকা। জাপানের একটি সাবওয়ে স্টেশনেও এই ছবি টাঙানো নিয়ে কম সমালোচনা হয়নি!
