তুরস্কের দিয়ারবাকিরে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত
তুরস্কের দক্ষিণ-পূর্বে অবস্থিত কুর্দি অধ্যুষিত শহর দিয়ারবাকিরে বোমা বিস্ফোরণে সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে নিহতদের পাঁচজনই শিশু ।
কর্তৃপক্ষ জানিয়েছে দিয়ারবাকির শহরের বাগলার এলাকার একটি উদ্যানে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে।
একটি মোবাইল ফোনে বোমাটির ‘টাইমার সেট’ করা ছিল।
স্থানীয় সময় রাত ৯ টায় দিয়ারবাকিরের এই জনপ্রিয় পার্কটিতে বোমাটি বিস্ফোরিত হয়।
গত কয়েক সপ্তাহে তুরস্কের পর্যটন এলাকা এবং বিভিন্ন শহরে কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে ১২ জন নিহত এবং বেশ কিছু সংখ্যক লোক আহত হয়।
তুরস্কে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসা কুর্দি সম্প্রদায়ের একটি দল ‘কুর্দিশ ফ্রিডম ফ্যালকন’ আগের বোমা হামলাগুলোর দায় স্বীকার করেছে। তবে দিয়ারবাকিরের এই বোমা হামলার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
বোমা হামলা থেকে তুরস্কের কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের বিরত রাখতে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি তুরস্কে পৌঁছালে বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
স্থানীয় গর্ভণরের কার্যালয় জানিয়েছে যে, বোমা বিস্ফোরণ হতে পারে বলে তাদের কাছে আগেই তথ্য ছিল এবং সেজন্য তদন্ত চলছিল।
পুলিশে ঘেরাও করা জায়গাটিতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
কুর্দি অধ্যুষিত দিয়ারবাকির শহরটি কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।
