সিরিয়ায় মার্কিন দূতাবাসে হামলা, ৪ হামলাকারী নিহত
ধর্মীয় শ্লোগান দিয়ে চার অস্ত্রধারী মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে মার্কিন দূতাবাসে হামলা চালায়। তবে কোন মার্কিন কূটনীতিকের ক্ষতি করার আগে চারজনকেই গুলি করে হত্যা করা হয়।
এর আগে হামলাকারীদের গুলিতে নিহত হয় এক সিরীয় নিরাপত্তা রক্ষী।
সিরিয়ার এক কর্মকর্তা একথা জানান।
গোলাগুলির এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী রাওদা এলাকায় যানবাহন ও লোকজনের চলাচল বন্ধ করে দেয়। তবে সাইরেন বাজিয়ে ছুটাছুটি করতে দেখা যায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়িগুলোকে। এলাকাটিতে মার্কিন দূতাবাস ছাড়াও কয়েকটি নিরাপত্তা স্থাপনা রয়েছে। শীর্ষস্থানীয় সরকারী কর্মকর্তারাও সেখানে বসবাস করে থাকেন।
তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের পরিচয় জানা যায়নি। তবে গত বছর সেখানে ইসলামী জঙ্গীদের সঙ্গে সিরীয় বাহিনীর কয়েক দফা সংঘর্ষ হয়েছিল।
সিরিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ফোর্ড বলেন, হামলার ধরন আল কায়েদার মতো মনে হলেও এটা ছোট কোন গ্র“পের হতে পারে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে বলেছে, এই মূহুর্তে তাদের কাছে কোন তথ্য নেই। বৈরুতে মার্কিন কূটনীতিকরাও কোন কিছু বলতে পারেননি।
