মালেগাঁও শহরে হামলার পর নিরাপত্তা জোরদার
ভারতের মহারাষ্ট্রের মালেগাঁও শহরে একটি মসজিদে শুক্রবার সিরিজ বোমা হামলার পর থেকে সাম্প্রদায়িক হামলার আশংকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত কোন সহিংসতার ঘটনা ঘটেনি।
মুসলিম অধুষ্যিত পশ্চিমাঞ্চলীয় শহরে ওই হামলায় ৩৮ জন নিহত ও ১০০জন আহত হয়েছেন। এদের অধিকাংশের অবস্থা আশংকাজনক।
ঘটনার সময় শবে বরাত উপলক্ষে হাজার হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় পরপর তিনটি বোমা বিস্ফোরণে ওই এলাকা কেঁপে উঠে।
প্রথম বোমাটি মসজিদ প্রাঙ্গণে, দ্বিতীয়টি মসজিদের দরজার বাইরে এবং তৃতীয়টি টাউন স্কয়ারের কাছে বিস্ফোরিত হয়।
নাসিক জেলার পুলিশ প্রধান রাজবর্ধন বলেন, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তায় লোকজনকে তল্লাশী করা হচ্ছে।
বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটেল নয়া দিল্লীতে বলেন, এটি একটি সন্ত্রাসী তৎপরতা।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ২৯ জনের লাশ সনাক্ত করা সম্ভব হয়েছে। এদের দাফনও সম্পন্ন হয়েছে। বাকীদের লাশ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ মোহাম্মদ ইয়াসিন জানান, ঘটনার পরপরই জনগণ পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শহরের পরিস্থিতি শান্ত হয়ে এলেও এখনও সেখানে চাপা ক্ষোভ বিরাজ করছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়েকদিন আগে জানিয়েছিলেন যে অর্থনৈতিক, ধর্মীয় এবং পরমাণু স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলা হতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে। এর পরপরই বোমা হামলার এ ঘটনা ঘটলো।
উল্লেখ্য, দু’মাস আগে মুম্বাইয়ে ট্রেনে সিরিজ বোমা হামলায় ১৮৬ জন মারা যায়।
