২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ-র গোপন কারাগারের কথা স্বীকার করলেন বুশ

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র গোপন কারাগারের অস্তিত্বের কথা স্বীকার করলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিভিন্ন বার্তা সংস্থার খবর থেকে এই তথ্য পাওয়া গেছে।

গোপন এই কারাগার থেকে সন্দেহভাজন ১৪ জন শীর্ষ সন্ত্রাসীকে কিউবার গুয়ানতানামো বে-তে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০০১-এর ১১ সেপ্টেম্বর হামলার ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদকে সিআইএ-র গোপন কারাগার থেকে বিচারের জন্য আনা হয়েছে।

বুশ অবশ্য এই বলে নিশ্চিত করেছেন যে, সিআইএ-র ইন্টারোগেশন সেল কয়েদিদের জিজ্ঞাসাবাদে কোনো ধরনের নির্যাতন করে না।

কয়েদিদের কাছ থেকে তথ্য সংগ্রহে জিজ্ঞাসাবাদে জেনেভা কনভেনশনের নির্ধারিত আইন ও নীতি অনুসরণ করা হয় বলে জানান তিনি।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুশ ১১ সেপ্টেম্বরের নিহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের যুক্তরাষ্ট্রে নতুন করে কোনো সন্ত্রাসী হামলার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরো জানান, ২০০১ এর ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা, ২০০০ সালে ইয়েমেনে ইউএসএস-এর কোল ষড়যন্ত্র এবং ১৯৯৮ সালে কেনিয়া এবং তানজানিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার সাথে জড়িত সন্দেহে কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে সিআইএ জেরা করছে।

এদিকে, সিআইএ-র ইন্টারোগেশন সেলের বন্দীদের জেরা করার পদ্ধতির সাথে দ্বিমত পোষণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মিত্ররা।

ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন আইন প্রণেতা সিআইএ-র গোপন কর্মকাণ্ড সম্বন্ধে অভিযোগ তুলেছেন। সিআইএ বন্দী স্থানান্তরের কাজটি অত্যন্ত গোপনীয়তার সাথে করে- এ ধরনের অভিযোগও তুলেছেন তারা।

তবে গত বুধবার পেন্টাগন থেকে সকল সামরিক বন্দী ও কয়েদিদের অধিকার সংরক্ষণ বিষয়ক একটি নতুন নির্দেশিকা ইস্যু করা হয়েছে।

এখন থেকে সিআইএ-র কারাগারে বন্দী সামরিক কয়েদিদের জেরা করা ও তাদের সাথে আচরণে জেনেভা কনভেনশনের আওতায় রচিত এই নির্দেশিকা অনুসরণ করা হবে।