বিশ্ব উষ্ণায়নের ফলে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ
জলবায়ুর পরিবর্তনে বিশ্বব্যাপি সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বৃটেনে অনুষ্ঠিত ‘ফেস্টিভ্যাল অব সায়েন্স’ শীর্ষক এক সম্মেলনে বিজ্ঞানীরা এ বিষয়ে সতর্ক করে দেন।
বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় দেখেন জলবায়ুর পরিবর্তনে বিশ্বব্যাপি সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটির হেলথ প্রোটেকশন বিষয়ক বিভাগীয় প্রধান প্রফেসর পল হান্টার বলেন, বিশ্ব উষ্ণায়ন বিভিন্ন অনুজীবের বিস্তারে সহায়ক। এর ফলে প্রাণী জগতের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরো বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়া ভয়াবহ আকারে ছড়িয়ে পরতে পারে।
প্রফেসর হান্টার বিশ্ব উষ্ণায়নে ইউরোপ এবং উত্তর আমেরিকার জলবায়ুগত পরিবর্তন এবং এর ফলে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে সাহায্যকারী বিভিন্ন জীবাণু ও অনুজীবের ওপর গবেষণা এবং নিরীক্ষণ চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছান যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন পানি এবং বায়ুবাহিত বিভিন্ন অসুখের কারণ হয়ে দাঁড়াবে।
বিজ্ঞানীরা ‘ভিবরিও ভালনিফিকাস’ নামক এক ধরনের অনুজীবের সন্ধান পেয়েছেন যা জীবন বিপন্নকারী সব রোগের বিস্তার ঘটাতে সহায়ক। এটি উষ্ণ পানিতে বংশবৃদ্ধি করে। মেক্সিকো উপসাগর ও বাল্টিক সাগরে এর সন্ধান পাওয়া গেছে।
ডেনমার্কে এই অনুজীবে আক্রান্ত হয়ে একজন মারা গেছে।
বিজ্ঞানীরা জানান, সমুদ্রে সাঁতার কাটতে যান এমন অনেকে ইতোমধ্যে উষ্ণ পানির সংস্পর্শে নানারকম অসুখে আক্রান্ত হয়েছেন।
ইতালিতে ছুটি কাটাতে আসা ১০০জন ব্যক্তি ‘অস্ট্রেওপোসিস ওভাটা’ নামক অনুজীবের সংস্পর্শে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এই অনুজীবটিও উষ্ণ পানিতে বংশবৃদ্ধি করে।
প্রফেসর হান্টার আরো জানান, মানবদেহের জন্য ক্ষতিকর এসব অনুজীব শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বেশি হারে বিস্তার লাভ করে।
