২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংক্রান্ত আলোচনায় বসতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার

মিয়ানমারের সামরিক জান্তা সরকার সেদেশের জন্য একটি সংবিধান রচনায় আলোচনায় বসতে যাচ্ছে। বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে এ খবর জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 11:54 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

মিয়ানমার সামরিক জান্তা সরকারের একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, সরকার অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সংবিধান নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে।

চলতি বছরের প্রথমার্ধে দেশটির সংবিধান রচনা সংক্রান্ত আলোচনা সভা আয়োজনের কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়।

দেশটির সামরিক জান্তা সরকারের শোষণ এবং রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমার ইস্যুকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডার অন্তর্ভুক্ত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতার চাপের মুখে মিয়ানমারের সামরিক সরকার সংবিধান সংক্রান্ত আলোচনায় বসার সিদ্ধান্তের কথা জানালো।

তবে এ আলোচনা বর্জন করবে বলে জানিয়েছে মিয়ানমারের প্রধান বিরোধী দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী’।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী বা এনএলডি-র নেত্রী অং সান সুচির গৃহবন্দীত্বের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে দেশটির সামরিক সরকার।

১৯৯০ সালের নির্বাচনে সুচির দল বিপুল ভোটে জয়ী হলেও জান্তা সরকার তাকে ক্ষমতায় আসতে দেয়নি।

১৯৮৮ সালে সামরিক জান্তা এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে। তখন থেকেই মিয়ানমারে কোনো সংবিধান নেই।