২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আনানের আহ্বান

মধ্যপ্রাচ্য সফররত জাতিসংঘের মহাসচিব কফি আনান লেবাননের বিমান এবং নৌবন্দর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 11:58 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জেরুজালেমে এক বৈঠকে তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজের কাছে এই অনুরোধ জানান।

আনান বলেন, ‘এ ধরনের অবরোধ মানবাধিকার লঙ্ঘনের সামিল। যত তাড়াতাড়ি সম্ভব এ অবরোধ তুলে নেওয়া উচিত।’

জাতিসংঘের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দু সপ্তাহের মধ্যে ইসরায়েল এই চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

কফি আনান এর অগে লেবাননে অপহৃত দুই ইসরায়েলি সৈন্য উহুদ গোল্ডওয়াসের এবং এলদাদ রেগেভের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

আটক এই দুই সেনাসদস্যকে মুক্তি দেওয়ার জন্য গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রতি অনুরোধ জানিয়েছেন আনান। এছাড়া, তাদের মুক্তির জন্য সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি এই দুই সেনার পরিবারের সদস্যদের।

এলদাদ রেগেভের ভাই বেনি রেগেভ বলেন, তার ভাইয়ের মুক্তির জন্য আনান সবধরনের প্রচেষ্টা চালাবেন।

ফিলিস্তিনের গাজায় অপহৃত আরেক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের পরিবার এবং আত্মীয় স্বজন কফি আনানের সঙ্গে এই সাক্ষাৎকারে অংশ নেন।

ইসরায়েল- লেবানন ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি পুনরায় ফলপ্রসু করতে কফি আনান মধ্যপ্রাচ্য সফর করছেন।

লেবাননের বিভিন্ন এলাকায়, বিমান এবং সমুদ্র বন্দরে ইসরায়েল অবরোধ আরোপ করে রেখেছে যা দেশটির সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে বলে তিনি মনে করছেন।

ইসরায়েলের বর্বরোচিত সামরিক আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হওয়া দক্ষিণ লেবানন পরিদর্শন শেষে তিনি তেল আবিব সফরে এলেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজ বলেন, কফি আনানের সাথে হিজবুল্লাহকে সিরিয়ার অস্ত্র সরবরাহ এবং ইরান বিষয়ে আলোচনাতে জোর দেবে তার দেশ।

তিনি আরো জানান, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর পর্যাপ্ত সৈন্য মোতায়েন করার পর লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে।

কফি আনান বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হবেন বলে জানা গেছে।