২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার চিকিৎসায় নতুন ধরনের ‘ঘাতক’ কোষ আবিষ্কার

ক্যান্সার সেল বা ক্যান্সার কোষ ধ্বংসে একধরনের ‘ঘাতক’ কোষ আবিষ্কার করেছেন ইলিনয় ইউনিভার্সিটির একদল চিকিৎসা বিজ্ঞানী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

একধরনের ‘সিনথেটিক মলিকিউল’ বা ‘কৃত্রিম অনু’ আবিষ্কার করেছেন তারা যা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্যান্সার কোষকে আপনা থেকেই নির্মূল করবে।

‘নেচার ক্যামিকেল বায়োলজি’র এক প্রতিবেদনে ক্যান্সার বিশেজ্ঞরা জানিয়েছেন, তাদের এই আবিষ্কার ক্যান্সারের চিকিৎসাকে অত্যন্ত সম্ভাবনাময় করে তুলবে।

ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে ক্যান্সার কোষগুলো নির্দিষ্ট সময়ের পর মরে না গিয়ে বড় হতে থাকে এবং ক্রমে টিউমারে পরিণত হয়।

মানবদেহের সাধারণ কোষে প্রোকাসপেস-৩ নামে একধরণের প্রোটিন থাকে। এই প্রোকাসপেস-৩ প্রোটিনকে মানবদেহ কাসপেস- ৩ নামের এক ধরনের ঘাতক এনজাইমে রূপান্তরিত করতে সক্ষম।

কিন্তু ক্যান্সার কোষগুলোতে এ ধরনের রূপান্তর ঘটেনা। কোলন, লিউকোমিয়া বা ব্লাড, ত্বক এবং লিভারের ক্যান্সারে আক্রান্ত কোষগুলোতে এই প্রোকাসপেস-৩ নামক প্রোটিন অত্যাধিক মাত্রায় বিদ্যমান থাকে।

গবেষকরা ২০ হাজারেরও অধিক বিভিন্ন ধরনের কৃত্রিম অনু তৈরি করে নিরীক্ষণ করেছেন এসব অনু প্রোকাসপেস- ৩ কে কাসপেস-৩ এ রূপান্তরিত করতে সক্ষম কিনা।

অবশেষে তারা দেখেছেন, পিএসি-১ নামের একধনরের কৃত্রিম কোষ বা অনু প্রোকাসপেস-৩ কে কাসপেস-৩ এ রূপান্তরিত করতে পারে। এর ফলে ‘অ্যাপোপটোসিস’ নামের বিশেষ এক প্রক্রিয়ায় ক্যান্সার সেলগুলো বৃদ্ধি না পেয়ে বরং আপনাআপনি ধ্বংস হতে থাকে।

যুক্তরাজ্যের ক্যান্সার বিশেষজ্ঞ ড. মাইকেল ওলসন ক্যান্সার চিকিৎসায় এই নতুন পদ্ধতি কয়েক ধরনের ক্যান্সার নির্মূলে অত্যন্ত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন।