যুদ্ধবিরতি চুক্তি ফলপ্রসু করতে কফি আনানের লেবানন সফর
ভেঙে পড়া ইসরায়েল- লেবানন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে সোমবার লেবানন সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব কফি আনান।
লেবানন সফর শেষে তিনি ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া এবং ইরান সফর করবেন বলে জানা গেছে।
লেবানন সফরকালে তিনি সেদেশের বিমানবন্দর, নৌবন্দরসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অবরোধ এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন বিষয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
এর পাশাপাশি হিজবুল্লাহ গেরিলাদের দীর্ঘদিনের দাবী - ইসরায়েলের সাথে বন্দী বিনিময় ইস্যুতেও তিনি কূটনৈতিক তৎপরতা চালাবেন বলে মনে করা হচ্ছে।
ইতালি এবং লেবানন সংসদের স্পীকার নাবীহ বারির মধ্যস্থতায় ইসরায়েল- হিজবুল্লাহ বন্দী বিনিময় চুক্তির প্রক্রিয়া আরম্ভ হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহ।
তবে ১২ জুলাই লেবাননে যে দুজন ইসরায়েলি সৈন্য আটক করা হয়েছিল সে বিষয়ের সাথে তিনি তার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখান করেন ।
অপহৃত এই দুজন সেনার মুক্তির দাবীতে ইসরায়েল লেবাননে নৃশংস হামলা চালালে সেখানে ১,১০০ লেবাননি নিহত হয়।
সোমবার রাজধানী বৈরুতে পৌঁছে কফি আনান লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা, নাবীহ বারি এবং অন্যান্য শীর্ষ রাজনীতিকদের সাথে সাক্ষাৎ করবেন।
তবে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ-র সাথে তিনি সাক্ষাৎ করবেন কিনা তা এখনো জানা যায়নি।
নাসরাল্লাহ অবশ্য কফি আনানের সাথে সাক্ষাৎকারের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের নিরস্ত্রীকরণের দায়িত্ব নেবেনা বলে জানিয়েছেন কফি আনান।
প্রধানমন্ত্রী সিনিওরার একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, তারা লেবাননের বিমানবন্দর এবং নৌবন্দর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহারে চাপ সৃষ্টি করার জন্য কফি আনানকে অনুরোধ জানাবেন।
ইসরায়েলের ব্যাপক বর্বরোচিত হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ফিরতে
এখনো ভয় পাচ্ছে গ্রামবাসীরা। এসব এলাকা থেকে ইসরায়েল তার সৈন্য পুরোপুরি প্রত্যাহার না করার ফলে গ্রামবাসীরা নিরাপত্তাহীনতা এবং উৎকন্ঠার মধ্যে রয়েছে বলে জানা গেছে।
