ইরাকে পৃথক সহিংসতায় ৪৭ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদে রোববার পৃথক সহিংসতায় অন্তত ৪৭ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে।
বাগদাদের ব্যস্ত বাজার, হোটেল এবং একটি দৈনিক পত্রিকার অফিসে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি মালিকি জানিয়েছেন, এধরনের সহিংসতা শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং ইরাকে গৃহযুদ্ধের আশংকা করার কোনো কারন নেই।
সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় বাগদাদের উত্তরে শিয়া অধ্যুষিত শহর খালিস-এ। খালিসের একটি জনাকীর্ণ বাজারে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত হয়েছে।
শহরের প্রধান এই বাজারটিতে ক্রেতাদের ওপর নির্বিচার গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
বাগদাদ শহরের প্যালেস্টাইন হোটেলের কাছে একটি মিনিবাসে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়।
এছাড়া, দৈনিক আল- সাবাহ-র কার্যালয়ের কাছে একটি গাড়ী বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছে।
ইরাকের সাবেক উপ প্রধানমন্ত্রী আব্দুল মুতলাক আল- জুবুরির গাড়ী বহরে বন্দুকধারীদের গুলিতে তার তিনজন দেহরক্ষীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে পরপর দুটো গাড়ী বোমা বিস্ফোরণে ৯ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবর থেকে জানা গেছে।
ইরাকের প্রধান শিয়া শহর বসরার একটি বাজারে মটর সাইকেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১০ জন আহত হয়।
মসুল শহরে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত হয়েছে।
এছাড়া, পূর্ব বাগদাদে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার ফলে ইরাকে জাতিগত সহিংসতা কমছে। ইরাক কখনো গৃহযুদ্ধের দিকে ধাবিত হবেনা বলেও জানান তিনি।
এদিকে, ইরাকে জাতিগত দাঙ্গা দমন এবং আইন-শৃংঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে ইরাকি এবং মার্কিন বাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে।
