প্রতিবন্ধীদের জন্য জাতিসংঘের বিশেষ সনদ
পৃথিবী ব্যাপি প্রতিবন্ধীদর অধিকার এবং যাবতীয় সুযোগ-সুবিধা দিতে প্রস্তাবিত একটি আন্তর্জাতিক নীতিমালাতে সম্মত হয়েছে জাতিসংঘ।
‘রাইটস অব পার্সন উয়িথ ডিসঅ্যাবিলিটিস’ নামে এই নীতিমালা স্থান পেয়েছে জাতিসংঘ সনদে।
এটাই একবিংশ শতাব্দীতে প্রথম কোনো মানবাধিকার বিষয়ক বিধিমালা। জাতিসংঘ এই বিশেষ নীতিমালার বিষয়ে আশা প্রকাশ করে জানিয়েছে প্রতিবন্ধীদের জীবন যাপনে এটি যথেষ্ট কার্যকর ও উপযোগী হবে।
বর্তমানে বিশ্বে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৬৫০ মিলিয়ন বা ৬৫ কোটি।
জাতিসংঘ সনদের এই নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিবন্ধীদের অধিকার এবং সুযোগ সুবিধা
দিতে উদ্যোগী হতে হবে বিভিন্ন দেশকে। প্রতিবন্ধীদের জীবন উন্নয়নে এগিয়ে আসার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বেঁধে দেওয়া সময়সীমার পরও অ্যাডহক কমিটির চেয়ারম্যান এবং নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত ডন ম্যাককের নেতৃত্বে বৈঠকে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে আলোচনা চালিয়ে যান।
প্রতিবন্ধী অধিকার বিষয়ক এই চুক্তির প্রতি স্বাগত জানিয়ে ডন ম্যাককে বলেন, ‘আমার প্রতিবন্ধী সহকর্মীদের উদ্যোগ এবং অক্লান্ত ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আজ এই চুক্তির বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে প্রতিবন্ধী অধিকার বিষয়ক এই চুক্তি বা নীতিমালাটি পাশ হতে পারে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
এই চুক্তিতে যেসব দেশ স্বাক্ষর করবে সেসব দেশকে প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ সুবিধা দিতে তাদের জন্য নতুন আইন প্রণয়নসহ প্রথাগত সকল বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে।
বর্তমানে প্রতিবন্ধীদের নিরাপত্তা এবং অধিকার বাস্তবায়নে ৪৫ টি দেশের বিশেষ বিধিমালা রয়েছে।
জাতিসংঘের এই নীতিমালায় বলা হয়েছে, সামাজিক অবস্থানে সমতায় পৌঁছাতে প্রতিবন্ধী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তনটাই সবচেয়ে আগে জরুরি।
এসব দেশকে তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিবন্ধী মানুষেরও যে অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপনের অধিকার রয়েছে তা নিশ্চিত করতে হবে।
তাদের জন্য যানবাহন, যোগাযোগ এবং তথ্যগত সকল সুবিধা প্রদান করতে হবে।
এই সনদে মার্কিন যুক্তরাষ্ট অবশ্য স্বাক্ষর করেনি। প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংক্রান্ত আইন যুক্তরাষ্ট্রে কার্যকর রয়েছে এরকমটাই বলেছেন দেশটির প্রতিনিধিরা।
