২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে শান্তিরক্ষী বাহিনীর অর্ধেক দেবে ইউরোপীয় ইউনিয়ন

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনী ইউনিফিল টু-তে অর্ধেক সৈন্য পাঠাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 11:02 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জাতিসংঘের মহাসচিব কফি আনান একথা জানিয়েছেন।

লেবাননে জাতিসংঘ ১৫,০০০ সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তাতে ৭০০০ সৈন্য পাঠাবে বলে জানা গেছে।

এদিকে, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক কূটনৈতিক তৎপরতার মুখে অবশেষে লেবাননে শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব দিতে সম্মত হয়েছে ফ্রান্স।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে ফ্রান্স ২০০০ সেনাদল পাঠাবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইতালি দিচ্ছে ২০০০ থেকে ৩০০০ হাজার সৈন্য। এছাড়া, দক্ষিণ লেবাননে বেলজিয়াম ৩০২ থেকে ৩৯২ দল, পোল্যান্ড ৫০০ দল, ফিনল্যান্ড ২৫০, নরওয়ে ১০০ জন এবং বাংলাদেশ ২০০০ সৈন্য পাঠাবে।

মালয়েশিয়া, স্পেন এবং নেপাল এক ব্যাটালিয়ন করে সৈন্য পাঠাবে। ইন্দোনেশিয়া প্রকৌশলীদের একটি দলসহ লেবাননে ১ ব্যাটালিয়ন সৈন্য পাঠাবে। এছাড়া, ডেনমার্ক দিচ্ছে দুটো জাহাজ এবং জার্মানি দিচ্ছে সীমান্ত প্রহরার জন্য সৈন্য।

লেবাননে সৈন্যদের সুষ্ঠু পরিচালনায় জাতিসংঘভিত্তিক একটি স্ট্র্যাটেজিক সেল বা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে যার নেতৃত্ব দেবে ইতালি।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কফি আনান বলেন, ‘লেবাননে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা শক্তিশালী এবং তৎপর দল সেখানে মোতায়েন করতে সক্ষম হবো।’

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্ধেক সৈন্য পাঠানোর এই সিদ্ধান্ত লেবাননসহ মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং টেকসই শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।