২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমানবিক পরীক্ষা না চালানোর জন্য উত্তর কোরিয়ার প্রতি বুশের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার পারমানবিক পরীক্ষা না চালানোর জন্য উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 02:37 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তবে উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন কোন তথ্য তিনি পেয়েছেন কিনা তা তিনি বলেননি।

বুশ সাংবাদিকদের বলেন,আপনারা আমাকে গোয়েন্দা তথ্য প্রকাশ করতে বলেছেন। কিন্তু আপনারা জানেন আমি তা করবো না।  যদি উত্তর কোরিয়া এই পারমানবিক পরীক্ষা চালায় তবে সেটা প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি সার্বক্ষনিক হুমকি হয়ে দাড়াবে।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন নেটওয়ার্কের এক রিপোর্টে জানা যায়, উত্তর কোরিয়া ভূগর্ভে একটি পারমানবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তার উদ্ধৃৃতি দিয়ে জানানো হয়, গোয়েন্দা সূত্রের ধারনা পারমানবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা অমূলক নয়।

এবিসিকে একজন উর্দ্ধতন সেনা সদস্য বলেন,‘মার্কিন গোয়েন্দা সংস্থা সম্প্রতি লক্ষ্য করেছে উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা কেন্দ্রে সন্দেহজনক যান চলাচল করছে। এবিসি আরো জানায় পারমানবিক পরীক্ষা চালানোর জন্য মাটির নীচে কেবল ব্যবহার করা হচ্ছে।

গত বছরও ভবিষ্যদ্বানী করা হয়েছিলো উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালাবে কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনা ঘটেনি।