ভবিষ্যতে পানি সংকট হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক সমস্যা
বিশ্বের ধনী দেশগুলো পানি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’ নামের জেনেভাভিত্তিক একটি জার্নাল।
জলবায়ূ পরিবর্তন এবং সম্পদের অদক্ষ ব্যবহার উন্নয়নশীল দেশের পাশাপাশি ধনী দেশগুলোকেও মারাত্মক পানি সংকটের মধ্যে ফেলবে বলে জানা গেছে ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’ এর প্রকাশিত এক প্রতিবেদনে।
এই প্রতিবেদনে ধনী দেশগুলোকে পুরানো এবং মেয়াদোত্তীর্ণ পানি নিষ্কাশন কাঠামো পরিবর্তন এবং পানি দূষণ রোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে পানি সংরক্ষণে অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ব পানি সপ্তাহ পালিত হওয়ার আগে জেনেভায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
এই প্রতিবেদনে আরো বলা হয় কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে পর্যাপ্ত পানি সরবরাহের ওপর।
উদহারণসরূপ হিউস্টন এবং সিডনীর মতো পৃথিবীর ধনী এবং সমৃদ্ধ শহরগুলোর চিত্র এখানে তুলে ধরা হয়েছে।
বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ূ পরিবর্তনের কারনে দক্ষিণ ইউরোপের আবহাওয়া রুক্ষ হয়ে উঠেছে। সেখানে পানির অন্যতম উৎস অলপাইন হ্রদ শুকিয়ে যাচ্ছে যা পানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন পানি বিশেষজ্ঞরা।
ধনীদেশগুলোকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পানি সংকট মোকাবেলায় জনসচেতনতা তৈরির পাশাপাশি পানি সংকট সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। কারন পানি ছাড়া একদিনও চলা সম্ভব নয়।
