টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি পুরুষের মৃত্যু ঝুঁকি বাড়ায়
চল্লিশোর্ধ পুরুষ যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কম নিঃসৃত হয় তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশী বলে জানা গেছে এক মার্কিন গবেষণায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী চল্লিশোর্ধ ৮৫৮ জন প্রবীন সেনাকর্মকর্তার ওপর জরিপ চালিয়ে দেখেছেন যে এদের মধ্যে যাদের টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ কম তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় বেশ অধিক।
‘আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিন’ এ এক প্রতিবেদনে তারা জানিয়েছেন, টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ যাদের কম তাদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় ৮৮ ভাগ বেশী।
সিয়াটলে ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং ভেটেরিয়ান অ্যাসোশিয়েসনের বিজ্ঞানীরা প্রবীণ সেনা কর্মকর্তাদের ওপর জরিপ পরিচালনার অংশ হিসেবে ১৯৯৪ এবং ১৯৯৯ সালে দুবার তাদের হরমোন নিঃসরণের মাত্রা পরীক্ষা করেছেন।
২০০২ সাল পর্যন্ত তাদের স্বাস্থ্যের কোনধরনের পরিবর্তন, উন্নতি বা অবনতির ওপর পূর্ণ নজর রাখা হয়।
এই জরিপে দেখা যায়, ৫৩ ভাগ লোকের হরমোন নিঃসরণের মাত্রা স্বাভাবিক, ২৮ ভাগের হরমোনের মাত্রা কখনো বেশী কখনো কম যা ‘ইকুয়িভোকাল’ বলে বিজ্ঞানীরা ধরে নিয়েছেন,আর বাকী ১৯ ভাগের হরমোন লেভেল স্বাভাবিকের তুলনায় কম।
এদের মধ্যে যাদের হরমোনের মাত্রা স্বাভাবিক তাদের মৃত্যু ঝুঁকি ২০.১ ভাগ। যাদের হরমোন লেভেল কখোনো কম কখনো বেশী বা ইকুয়িভোকাল তাদের মৃত্যু ঝুঁিক ২৪. ৬ ভাগ। আর যাদের টেস্টোস্টেরন হরমোন কম তাদের মৃত্যু ঝুঁকি ৩৪.৯ ভাগ যা অন্যদের তুলনায় অনেক বেশী।
তবে, টেস্টোস্টেরন হরমোনের কম মাত্রার সাথে মৃত্যু ঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক নির্ণয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসাবিজ্ঞানীরা।
