২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দ্বিধাবিভক্ত লেবানন

জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে লেবানন সরকার দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট রোববার তার সেনাবাহিনীকে লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 11:14 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জাতিসংঘের আনীত এই যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে লেবাননের মন্ত্রীসভার সদস্যরা হিজবুল্লাহ গেরিলাদের শক্ত ঘাঁিট নামে পরিচিত দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থানরত গেরিলাদের নিরস্ত্র করায় আলোচনা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

তবে হিজবুল্লাহ গেরিলাদের নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি লেবানন সরকারের দুশ্চিন্তার কারণ হবে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন।

ইসরায়েল- লেবাননের মধ্যে পরিকল্পিত এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও ইসরায়েলি আগ্রাসন এবং হিজবুল্লাহ গেরিলাদের প্রতিরোধ যুদ্ধ বন্ধ না হয়ে বরং বেড়ে যেতে পারে বলে মনে করছেন তারা।

লেবানন মন্ত্রীসভার একজন হিজবুল্লাহ সদস্য জানিয়েছেন, লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সৈন্যটিকে হটিয়ে দেওয়া পর্যন্ত প্রতিরোধ আক্রমণ চালানোর অধিকার সেদেশের রয়েছে।

এদিকে,ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট রোববার তার সেনাবাহিনীকে লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।

তবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন না করা পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ সৈন্য প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

জাতিসংঘের উপ মহাসচিব মার্ক মালোচ ব্রাউন দক্ষিণ লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে প্রায় একমাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে যাওয়ার পূর্ব মুহুর্তেও ইসরায়েল হিজবুল্লাহ গেরিলাদের শক্ত প্রতিরোধের মুখে লেবাননে মরিয়া হামলা চালিয়ে যাচ্ছে।