২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাব গৃহীত

ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার একটি প্রস্তাব পাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দক্ষিণ লেবাননে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সেদেশের সৈন্যদের সাহায্য করার জন্য এ প্রস্তাবে সেদেশে জাতিসংঘের ১৫,০০০ জন শান্তি রক্ষী কর্মীদের প্রেরণেরও আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র খসড়া এ প্রস্তাব তৈরী করলেও  সর্বসম্মতিতে তা গৃহীত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।   

ইসরাইল ও লেবাননের মধ্যে চার সপ্তাহের বেশি  সময় ধরে চলা এ যুদ্ধের কারনে ৮০০ এর বেশি রোক মারা গেছে, লেবাননের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট শুক্রবার এ প্রস্তাব অনুমোদন করেছেন। লেবাননের সংসদ শনিবার এ প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে লেবাননের সরকার এ প্রস্তাব মানতে রাজি হয়েছে।

এ প্রস্তাবের অন্য একটি আলোচ্য বিষয় হল কবে দুদেশের এ যুদ্ধ বন্ধ হবে। তবে ইসরাইল বলেছে যে সেদেশের সংসদ এ প্রস্তাব নিয়ে আলোচনায় বসা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। জাতিসংঘ মহাসচিব কফি আনান জানিয়েছেন যে যুদ্ধ বন্ধের তারিখ নির্ধারণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তিনি লেবানন ও ইসরাইলের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

রাইস বলেন এ প্রস্তাবের পথ তৈরী করাই হল সবচেয়ে কঠিন কাজ এবং খুব দ্রুত সব ধরনের সহিংসতা বন্ধ হয়ে যাবে এমন আশা করা খুবই ভুল। তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র লেবাননে সাহায্যের পরিমান বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করবে।

নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে রাইস বলেন আমরা ইরান ও সিরিয়াসহ প্রতিটি দেশকেই আহ্বান জানাচ্ছি লেবাননের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। উল্লেখ্য সিরিয়া ও ইরান হিজবুল্লাহকে সমর্থন জানিয়েছে এবং রকেট ও অন্যান্য যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে।

লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তারেক মিত্রি বলেছেন যে তার দেশ এ প্রস্তাব গ্রহণ করবে।

এ প্রস্তাবে ইসরাইলে কারাবন্দী লেবাননিদের মুক্তি দেওয়া বা ইসরাইলি সৈন্যদের সরিয়ে নেওয়ার প্রতি কোন আহ্বান জানানো হয়নি।

এ প্রস্তাবের মূল দুইটি বিষয় হল জুলাই মাসের ১২ তারিখে হিবজুল্লাহ বাহিনী দুইজন ইসরাইলিকে অপহরনের পর যে যুদ্ধ শুরু হয়েছিল তাৎক্ষণিকভাবে তার সমাপ্তি এবং যুদ্ধবিরতি ও সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কতকগুলো পদক্ষেপ গ্রহণ।