চীনে টাইফুনের আঘাতে নিহত ১১১, গৃহহীন ১৫ লাখ
চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় জিজিয়াং ও ফুজিয়ান প্রদেশে বৃহষ্পতিবার শক্তিশালী টাইফুন ‘সাওমাই আঘাত হানলে শুক্রবার পর্যন্ত ১১১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রবল ঝড়ে দক্ষিণ-পূর্ব উপকূলীয় ঐ এলাকায় লঞ্চডুবিসহ বহু বাড়িঘর ভেসে গেেেছ। প্রায় ১৫ লাখ অধিবাসী তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
গ্রহ ভেনাসের আরেক নাম ‘সাওমাই’। ভিয়েতনামী শব্দ‘সাওমাই’ নামের এই শক্তিশালী টাইফুন ঘন্টায় ১৩৫ কিমি বেগে চীনের উপকূলীয় জিজিয়াং প্রদেশের মাঝান শহরে আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা।
টাইফুনের আঘাতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে জিজিয়াং প্রদেশ। প্রবল ঝড়ে আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া এই প্রদেশের কাংনান অঞ্চলে ধ্বংসস্তুপ থেকে ৮ শিশুসহ ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জিজিয়াং প্রদেশের ওয়েনঝাউ শহরসহ সংলগ্ন এলাকায় এই নিয়ে এ পর্যন্ত ৮১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
জিজিয়াং প্রদশের অন্য অংশে ২৮ জন নিহত হয়েছে এবং ১১ জনের কোনো হদিস পাওয়া যাচ্ছেনা।
পাশ্ববর্তী ফুজিয়ান প্রদেশে টাইফুনের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে।
সরকারী কর্মকর্তারা প্রলয়ংকরী টাইফুন সাওমাই-এর আঘাতে জিজিয়াং প্রদেশে ৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।
এছাড়া, ঝড়ের শুরুতে দুজন ফিলিপিনোর নিহত হওয়ার খবর জানা যায়।
এই এলাকায আগামী তিনদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, ফুজিয়ান প্রদেশের সমুদ্র উপকূলে এই ঝড় আঘাত হানলে প্রবল পানির তোড়ে দুটি জাহাজ ডুবে যায়। এতে আটজন তাইওয়ানি নাবিকসহ ১২ জন নাবিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।
চীনের আবহাওয়াবিদদের কাছে ‘সুপার টাইফুন’ নামে পরিচিত ‘সাওমাই’ ১৯৪৯ সালের পর এই প্রথম ভয়াবহরূপে আঘাত হানলো।
ঝড়ের পূর্ব পস্তুতি হিসেবে উপকূলীয় জিজিয়াং প্রদেশ থেকে ৯, ৯০,০০০ লোক এবং ফুজিয়ান প্রদেশ থেকে ৫, ৬৯,০০০ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় টাওয়ি টাওয়ি প্রদেশের রাজধানী বোংগাও সাওমাই-এর কারণে ১০ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হলে সেখানে একটি শিশু মারা যায়। এ অঞ্চলের প্রায় ২০০ টি ঘরবাড়ি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
