গাজায় ইসরায়েলি আক্রমণের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করলেন কফি আনান
লেবানন এবং উত্তর ইসরায়েলের মধ্যে সংঘটিত যুদ্ধ যেন ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে না দেয় সে বিষয়ে সতর্ক করে দিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনান।
গতকাল বুধবার অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় এক শিশুকন্যাসহ তিনজন নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের একজন নিখোঁজ কর্পোরাল গিলাদ শালিতের মুক্তির দাবীতে গত ২৮ শে জুন গাজায় সামরিক অভিযান পরিচালনার পর থেকে এ যাবৎ সেখানে ১৭০ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
এ প্রসঙ্গে কফি আনান তার উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসরায়েল-লেবানন যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি যেন কারো চোখ এড়িয়ে না যায়। এছাড়া তিনি অবরূদ্ধ গাজায় বিরাজমান সংকট নিরসনে অবিলম্বে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর এগিয়ে আসা জরুরী বলে জানিয়েছেন।
