২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের অভ্যন্তরে প্রবেশ করছে ইসরায়েলি সাজোঁয়া বহর

ইসরায়েলি সাজোঁয়া যান লেবাননের আরো অভ্যন্তরে দক্ষিণের একটি শহরের দিকে অগ্রসর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 11:20 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

একজন ইসরায়েলি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে হিজবুল্লাহ গেরিলাদের রকেট আক্রমণ প্রতিহত করতে সাজোঁয়া যান এবং ভারী অস্ত্র পাঠানো হয়েছে।

তবে, লেবাননের আরো অভ্যন্তরে সৈন্য প্রেরণে বুধবার ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায় নেওয়া সিদ্বান্তের অংশ হিসেবে খিয়ামে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছেনা বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলি নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভা লেবাননের লিতানি নদীর ৩০ কিমি অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার পরে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামে সাজোঁয়া বহর পাঠালো।

হিজবুল্লাহ গেরিলাদের রকেট হামলা প্রতিহত করা এবং তাদের শক্ত ঘাঁিটগুলো নিশ্চিহ্ন করাই লেবাননের অভ্যন্তরে আক্রমণ সম্প্রসারণের একমাত্র কারণ বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রীসভার সদস্যরা।

এদিকে, লেবাননের সীমান্তের কাছে এক গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে হিজবুল্লাহ গেরিলাদের ভয়াবহ লড়াইয়ে ১৫ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ পর্যন্ত একদিনের সংঘর্ষে ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা।

ইসরায়েলি সেনাবাহিনীসূত্র থেকে এই লড়াইয়ে ৪০ জন হিজবুল্লাহ গেরিলা নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ফাতফাত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহ গেরিলাদের সাথে আলোচনা করে যখন দক্ষিণ লেবাননে সেনাবাহিনী মোতায়েন করতে সম্মত হয়েছে তখনই কেনো ইসরায়েল দেশটির অভ্যন্তরে আক্রমণ জোরদার করতে সৈন্য সম্প্রসারণের সিদ্বান্ত নিয়েছে তা তার কাছে স্পষ্ট নয় বলে তিনি জানান।

“লেবানন অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি চাইলেও ইসরায়েল শান্তি নয় আসলে যুদ্ধই চায়,” তিনি বলেন।

ইসরায়েলি মুখপাত্র মার্ক রিজেভ অবশ্য বলেছেন যুদ্ধবিরতিতে জাতিসংঘ জোরালো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত তারা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না, বিশেষ করে যখন তাদের শহরগুলোতে হিজবুল্লাহ গেরিলারা রকেট হামলা চালাচ্ছে।