২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মার্কিন সৈন্য মোতায়েনে ইরাকি প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা

ইরাকের রাজধানী বাগদাদে ছড়িয়ে পড়া দাঙ্গা এবং জাতিগত সহিংসতা দমনে সেখানে মার্কিন সৈন্য মোতায়েনের যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 02:38 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সত্তুর লাখ লোকের নগরী বাগদাদে কয়েকহাজার মার্কিন সৈন্য মোতায়েন কার্যক্রমের প্রথম দিনে ইরাকের প্রধানমন্ত্রী এ বিষয়ে তীব্র নিন্দা জানালেন।

ইরাকি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহিত এই পদক্ষেপে নিন্দা জানিয়ে ইরাকি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

বাগদাদে মার্কিন সৈন্যদের হামলা অত্যন্ত দু:খজনক বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী নূরি আল মালিকি চরমপন্থী শিয়া নেতা মুক্তাদা আল-সদরের শহর বাগদাদের সদর সিটিতে মার্কিন সৈন্যদের হামলায় তার ক্ষোভ প্রকাশ করেছেন।

এই হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। সদর সিটিতে মুক্তাদা আল সদরের অনুগত শক্তিশালী মাহদী বাহিনী এই হামলার জবাবে ভয়াবহ আক্রমণ চালাতে পারে বলে অনেকে আশংকা প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞরা লেবাননে বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের কারনে ইরাকের শিয়া সম্প্রদায়ের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিরুদ্ধে তীব্র বিদ্বেষ এবং সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে আশংকা প্রকাশ করেছেন।

বাগদাদে প্রতিদিনের শিয়া-সুন্নি জাতিগত সংঘর্ষে বহু লোক নিহত হচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

সেখানে শিয়া-সুন্নি সহিংসতা কার্যত গৃহযুদ্ধে পরিণত হয়েছে এবং মার্কিন বাহিনী আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে।