ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লু জনিত মৃতের সংখ্যা ৪৩
ইন্দোনেশিয়া তার দেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৩ তম ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে।
‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করলে বলা যাবে ইন্দোনেশিয়াতেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মানুষ মারা গেছে।
সোমবার বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১৬ বছর বয়সী এক কিশোর মারা গেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকন্ঠে বেকাসিতে বার্ড-ফ্লু আক্রান্ত এই কিশোরের সন্ধান পাওয়া যায়। পরে তাকে শহরের সুলিয়ান্তি সারোসো হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে সে মারা যায়।
ভিয়েতনামেও এ পর্যন্ত বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, কঠোর সতর্কতা গ্রহণের জন্য সেখানে বার্ড-ফ্লু ছড়িয়ে পড়ার আশংকা তেমন নেই।
বার্ড-ফ্লুর জন্য আক্রান্ত হাঁস-মুরগীর সংস্পর্শ দায়ী হলেও ইদানীং বার্ড ফ্লু-র এই ভাইরাস মানবদেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। মানবদেহ থেকে মানবদেহে এই ভাইরাস ছড়িয়ে পড়লে তা মহামারী আকারে দেখা দিতে পারে যা লাখ লাখ লোকের জীবন বিপন্ন করে তুলবে।
