২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৯, আহত ৮

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

মঙ্গলবার ইরাকি পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

প্রথম বোমা দুটোর লক্ষ্য ছিল পুলিশ এবং তৃতীয় বোমাটির লক্ষ্যবস্তু ছিল বাগদাদের একটি জনাকীর্ণ বাস স্টপেজ।

বোমা বিস্ফোরণে আটজন আহত হয়েছে বলে বার্তা সংস্থার খবরে জানা গেছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্রোহ এবং জাতিগত সহিংসতা দমনে রাজধানী বাগদাদে আরো মার্কিন সৈন্য মোতায়েন করায় সেখানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

ইরাকে চলমান দাঙ্গা এবং সংঘর্ষে প্রতিদিন বহু লোক নিহত হচ্ছে যা ইরাকের শিয়া নিয়ন্ত্রিত সরকারের আত্মবিশ্বাস নাড়িয়ে দিতে যথেষ্ট বলে মনে করছেন অনেকে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বাগদাদে মোতায়েন করার লক্ষ্যে মসুলের ১৭২ নং স্ট্রাইকার ব্রিগেডের ৩,৭০০ সৈন্যের ‘ট্যুর অব ডিউটি’ বর্ধিত করেছেন। রোববার এই বাহিনীর সৈন্যরা বাগদাদে আসা শুরু করেছে।

ইরাকে নিযুক্ত মার্কিন শীর্ষ কর্মকর্তা জেনারেল জর্জ ক্যাসি সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন এবং ইরাকি সেনাবাহিনী বাগদাদ থেকে গেরিলাদের শীঘ্রই হটিয়ে দিতে সক্ষম হবে বলে জানান।