নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লেবানন
লেবাননে ইসরায়েলের যুদ্ধের ২৬ দিন অতিবাহিত হওয়ার পর লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধ বিরতির একটি খসড়া প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।
এই প্রস্তাব মেনে নেবার বদলে লেবানন বরং তাদের মাটিতে ইসরায়েলি সৈন্যদের অবস্থান মেনে নেবে বলে জানিয়েছেন লেবাননের সংসদের স্পিকার নাবীহ বেরী।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির এই পক্ষপাতিত্বমূলক খসড়া প্রস্তাবের কঠোর সমালোচনা করে নাবীহ বেরী বলেন, এই প্রস্তাবে লেবাননের সাত দফা দাবীকে অস্বীকার করা হয়েছে। েেলবানন তাদের সাত দফা দাবীতে ইসরায়েলের সকল সৈন্য প্রত্যাহারসহ যুদ্ধ বন্ধের এবং গৃহহারা সকল লেবাননবাসীর পুনর্বাসনের দাবী জানিয়েছিল।
হিজবুল্লাহ গেরিলাদের পক্ষে জাতিসংঘে প্রতিনিধিত্বকারী নাবীহ বেরী বলেন, ‘ সাত দফা বাদ দিয়ে কোনো প্রস্তাবই লেবানন সরকার এবং লেবাননবাসীরা মেনে নেবে না।
নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব বর্তমান প্রেক্ষিতে বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন, এই প্রস্তাব মেনে নিলে লেবানন ভয়াবহ আভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি হয়ে পড়বে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র রোববার অথবা মঙ্গলবার এই খসড়া প্রস্তাবের উপর তাদের ভোট দেবে বলে ধারনা করা হচ্ছে । এই প্রস্তাবে হিজবুল্লাহর ইসরায়েলের উপর সকল প্রতিহিংসামূলক আক্রমন বন্ধ করতে এবং ইসরায়েলকে যুদ্ধ থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।
ইসরায়েলের একজন সরকারি কর্মকর্তা এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, এই প্রস্তাবের ফলে হিজবুল্লাহর আক্রমনের পাল্টা জবাব দেওয়ার বিষয়ে ইসরায়েলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। প্রস্তাবে দক্ষিণ লেবানন থেকে ১০ হাজার ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয়েও কোনো কথা হয়নি বলে তিনি জানান।
বেরী বলেন, এই খসড়া প্রস্তাবে লেবাননের সাতদফা দাবীকে অগ্রাহ্য করে পুরোপুরিভাবে ইসরায়েলের পক্ষ নেওয়া হয়েছে। এই প্রস্তাব মেনে নিলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ লেগেই থাকবে।
বেরী আরো বলেন, যতদিন লেবাননের মাটিতে ইসরায়েলি সৈন্য থাকছে ততদিন লেবাননে শান্তি ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।
