২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল লেবাননের অভ্যন্তরে আক্রমণে প্রস্তুত: সমঝোতার কথা বললেন রাইস

ইসরায়েলী সেনাবাহিনী সীমান্ত থেকে হিজবুল্লাহ গেরিলাদের হটিয়ে দিতে দক্ষিণ লেবাননের আরো ভেতরে সেনা অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 10:58 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এদিকে ইসরায়েলীরা যদি মধ্য বৈরুতে আক্রমণ চালায়, তাহলে হিজবুল্লাহ গেরিলারাও পাল্টা রকেট হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।

বিশ্বের পরাশক্তি নামে পরিচিত রাষ্ট্রগুলো লেবাননে ২৪ দিনের ইসরায়েলী আক্রমণ ও সহিংসতা বন্ধে যখন জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করার কাজে নিয়োজিত রয়েছে তখনি ইসরায়েল লেবাননের ওপর বিমান ও স্থল হামলা আবারো জোরদার করেছে।

ইসরায়েলের যুদ্ধবিমানগুলো দক্ষিণ বৈরুতে অবস্থিত হিজবুল্লাহ গেরিলাদের কার্যালয়সহ একজন প্রবীন হিজবুল্লাহ নেতার বাসস্থানে হামলা চালিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আমীর পেরেজ তার সৈন্যবাহিনীকে লিতানি নদীর আরো গভীরে সীমান্ত থেকে ২০ কিমি উত্তরে হটিয়ে দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তা সূত্রে জানা গেছে।

ইসরায়েলী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আইডো নেহুস্তান তাদের সেনাবাহিনী যে কোনো ধরনের

অপারেশন চালাতে প্রস্তুত রয়েছে বলে জানান।

লেবাননের লিতানি নদী পর্যন্ত দখল করে নেওয়া হলে তা হবে ১৯৮২ সালের পরে ইসরায়েলের সবচেয়ে বড় ধরনের আক্রমণ।

তবে, পরিকল্পিত নিরাপত্তা বলয় বা সিকিউরিটি জোন নির্মাণে লিতানি নদীর গভীরে বড় ধরনের সেনা অভিযান পরিচালনা করতে হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের মন্ত্রীসভার অনুমোদন দরকার হবে।

এমনি সংকটময় মুহূর্তে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস লেবানন ইস্যুতে ফ্রান্স এবং পাশ্চাত্য দেশগুলোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে কয়েকদিনের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন করা হবে বলে জানিয়েছেন।

এই প্রস্তাবের বাস্তবায়ন অবিলম্বে ইসরায়েল-লেবাননে যুদ্ধবিরতিসহ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় জেলা উজাই-এর বিমান বন্দর সংলগ্ন এলাকায় ইসরায়েলী যুদ্ধ বিমানগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে জানিয়েছে লেবাননের পুলিশ বাহিনী। ইসরায়েলী নৌবাহিনী এই বর্বরোচিত হামলায় যুদ্ধবিমানগুলোকে সাহায্য করছে।

অন্যদিকে, বৃহষ্পতিবার হিজবুল্লাহ গেরিলারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। এতে ৮ জন ইসরাইলী নিহত হয়েছে। এর কয়েক ঘন্টা পর হিজবুল্লাহ নেতা সায়ীদ হাসান নাসরাল্লাহ ইসরাইল তার অব্যাহত বিমান হামলা বন্ধ করলে হিজবুল্লাহ রকেট আক্রমণ বন্ধ করবে বলে জানান।

অপরদিকে, দক্ষিণ বৈরুতে শুক্রবার ৩০ মিনিটের মধ্যে ইসরায়েলী যুদ্ধবিমান থেকে ১৫টি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থাগুলো।