২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানালেন খালেদা জিয়া, মধ্যপ্রাচ্যের ঘটনায় ইসলামী নেতৃবৃন্দের উদ্বেগ

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং সহিংসতা বন্ধে নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৃহস্পতিবার লেবানন সংকট নিরসনে আয়োজিত ওআইসি’র নির্বাহী কমিটির এক জরুরি সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) - এর এই বৈঠকে মুসলিম বিশ্বের নেতারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে মিলিত হন।

এই সম্মেলনে বাংলাদেশ লেবাননে জরুরিভিত্তিতে জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী মোতায়েনেরও আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবানন সহিংসতা বন্ধে যথোপযুক্ত ভূমিকা রাখার মতো সাহসী নয় বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ওআইসি’র বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ বাদায়ি।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আন্তর্জাতিক সম্প্রদায় যেন প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের লেবাননের কানা গ্রামে নৃশংস হত্যাকান্ড বা খিয়ানে জাতিসংঘ কর্মী হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার সাহসটুকুও নেই’।

তিনি এবং অন্যান্য মুসলিম দেশের নেতৃবৃন্দ ইসরায়েলের হামলায় লেবাননসহ মধ্যপ্রাচ্যে সংকট আরো ঘনীভূত হবে বলে আশংকা প্রকাশ করেছেন।

ইরান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজানের প্রধানমন্ত্রীসহ ১৮টি মুসলিম দেশের শীর্ষনেতা ও প্রতিনিধিরা একদিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

এদিকে ওআইসি’র সেক্রেটারি জেনারেল একমেলেদ্দিন ইহসানোগলু লেবাননে ইসরায়েলি বর্বরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সুবিধাবাদি রাজনীতিতে মুসলিম বিশ্ব বিক্ষুব্ধ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রতি মুসলিম বিশ্বের ক্ষোভ ক্রমে স্থায়ী ঘৃণায় পরিণত হতে পারে ভেবে আমি আতঙ্কিত।’

মালয়েশিয়া লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং বর্বরতা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠনে সমর্থন আদায়ে জোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে।