লেবাননের বালবেকে একটি হাসপাতালের কাছে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই
জাতিসংঘের অনুরোধ আর বিশ্ব নেতৃবৃন্দের তুমুল সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে। মঙ্গলবার নীতি - নির্ধারকদের সভায় যুদ্ধ অব্যাহত রাখার বিষয়টি অনুমোদিত হওয়ার পর ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে।
বুধবার লেবাননের বালবেক শহরের কাছে হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক স্থল ও বিমান অভিযান এবং উভয়পক্ষে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে ১০০ কিমি উত্তরে হিজবুল্লাহ গেরিলাদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত লেবাননের বালবেক শহরের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি একটি হেলিকপ্টার অবতরণের পর হিজবুল্লাহ গেরিলাদের সাথে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে বিভিন্ন বার্তা সংস্থা সূত্র জানায়।
হিজবুল্লাহ গেরিলাদের মুখপাত্র হুসেন রাহাল জানান, ইসরায়েলি সৈন্যরা বালবেক শহরের কাছে ওই হাসপাতালটিতে ঢুকে পড়লে গেরিলারা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে।
এ ছাড়া দক্ষিণ লেবাননে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গঠনের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী অনেক ভিতরে ঢুকে পড়েছে বলেও জানা গেছে। ইসরায়েল জানিয়েছে, ৪৮ ঘন্টা বিরতির পর তারা বিমান হামলা আরও জোরদার করবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্ত এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে লিতানি নদী পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ঢোকার চেষ্টা করছিল। ইসরায়েলি বাহিনী সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জানান, হিজবুল্লাহদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলিদের জয় নিশ্চিত এবং তাদের মোক্ষম জবাব দেওয়া গেছে, যাতে করে তারা আর ইহুদি রাষ্ট্রটির হুমকি হয়ে না দাঁড়ায়। তিনি লেবাননের সাথে অবিলম্বে যুদ্ধবিরতিতে ইসরায়েলের আগ্রহ নেই উল্লেখ করে বলেন, তবে এ নিয়ে ক’টনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, আইত - আল - সাব শহরে গেরিলাদের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের তিন সৈন্য নিহত হয়েছে।
হিজবুল্লাহ গেরিলারা লেবাননের ফার কিলা, আদিয়াসি এবং তাইবী এলাকার যুদ্ধে তাদের চারজন যোদ্ধা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর লুয়িজেহ’তে অব্যাহত বিমান হামলায় দুই মেয়েসহ এক মহিলা নিহত হয়েছেন।
লেবাননে প্রায় তিন সপ্তাহের ইসরায়েলি সহিংসতায় এ পর্যন্ত ৭৫০ জন লেবাননী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
অন্যদিকে হিজবুল্লাহ গেরিলাদের আক্রমণে ১৮জন বেসামরিক লোকসহ ৫৪ জন ইসরায়েলি নিহত হয়।
