সীমান্তে দুই কোরিয়ার গোলা বিনিময়
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তাদের সুরক্ষিত সীমান্তে এ বছর প্রথমবারের মতো গুলি বিনিময় করেছে।
সীমান্তে গোলা বর্ষণের এই ঘটনার ফলে এই দুটি দেশের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক স্থাপনের প্রচেষ্টা ভেস্তে যাবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বেসামরিক এলাকা সংলগ্ন একটি গার্ড পোস্টে উত্তর কোরিয়া দুই রাউন্ড গুলি ছুঁড়লে প্রত্যুত্তরে দক্ষিণ কোরিয়া ছয় রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।
তবে সীমান্তে গুলি বিনিময়ে কেউ হতাহত হয়নি।
এর আগে ২০০৫-এর অক্টোবরে দুই কোরিয়া মধ্যবর্তী সীমান্তে অবস্থিত বেসমারিক এলাকার নিকটস্থ একটি গার্ড পোস্ট লক্ষ্য করে উত্তর কোরিয়া গুলি ছুঁড়লে দক্ষিণ কোরিয়া পাল্টা গুলি ছুঁড়েছিল বলে জানান তিনি।
গত কয়েক বছর ধরে দুই কোরিয়ার মধ্যের শীতল সম্পর্ক যখন উষ্ণ হতে শুরু করেছে তখনই গুলি বিনিময়ের এই ঘটনাটি ঘটলো।
অর্থনৈতিক সহযোগিতাসহ সামরিক দক্ষতা বৃদ্ধিতে দুই কোরিয়া ইতোমধ্যে বেশ কিছু সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।
একমাস আগে উত্তর কোরিয়া আন্তর্জাতিক হুঁশিয়ারি অগ্রাহ্য করে সাতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে দুই কোরিয়ার মধ্যে সবধরনের সমঝোতা ভেঙে পড়ে।
জুলাই মাসে কোরিয়ান মন্ত্রীদের এক ঘরোয়া বৈঠকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আপত্তি জানিয়ে কৈফিয়ত দাবী করে। উত্তর কোরিয়া যদি পরমাণূ অস্ত্র বিস্তার কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত ছয় জাতি বৈঠকে গৃহিত সিদ্ধান্ত মেনে না নেয় তাহলে দেশটিকে মানবিক সাহায্য দান বন্ধ করে দেবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
বর্তমানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে তাদের কয়কটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ১৯৫০-১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধে যেসব পরিবার তাদের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তাদের পূর্ণমিলনের প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে।
কোরিয়ান যুদ্ধ শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্ত না হয়ে সাময়িক যুদ্ধ বিরতির মাধ্যমে শেষ হয়েছিল বলে পুনরায় দুটি দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন।
এদিকে, উত্তর কোরিয়া সীমান্ত সংলগ্ন বেসামরিক এলাকাতে ১.২ মিলিয়ন সৈন্য মোতায়েন করেছে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়া তার সীমান্তে ৩০ হাজার মার্কিন সৈন্যসহ ৬, ৫০,০০০ হাজার সৈন্য মোতায়েন করেছে।
