লেবাননে সহিংসতা বন্ধে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে রাইসের আহ্বান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস লেবাননে ১৯ দিনের সহিংসতা বন্ধ করতে লেবানন এবং ইসরাইলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য রোববার দুদেশের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে আলোচনা করবেন।
এই চুক্তির লক্ষ্য হচ্ছে, লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন।
লেবাননের হিজবুল্লাহ গেরিলারা ইসরাইলের ভেতর আক্রমণ অরো জোরদার করবে -- এ ধরনের হুমকি দেওয়ার পর রাইস এ আলোচনার ওপর জোর দিলেন।
কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্য সফররত রাইস লেবানন -- ইসরাইল শান্তি স্থাপন এবং যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে দাায়িত্ব পালন করছেন। জাতিসংঘে মঙ্গলবার যে খসড়া প্রস্তাবটি অনুমোদন করা হবে ইসরাইল এবং লেবানন যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবটির শর্তগুলোতে মতৈক্য পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাইস সাংবাদিকদের বলেন, ‘কোনো চুক্তিতে পৌঁছানো ইসরাইল এবং লেবাননের জন্য বেশ কষ্টসাধ্য; কারণ এতে উভয় দেশকে কিছূ ছাড় দিতে হবে’।
তারপরও লেবাননের সংকট উত্তরণে এই দুই দেশের শীর্ষ স্থানীয় নেতারা এগিয়ে আসবেন বলে তিনি মনে করেন।
রাইস রোববার ইসরাইলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে সাক্ষাত করবেন। পরে তিনি লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার সাথে আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় মেইরিয়া গ্রামে ইসরাইলী বিমান হামলায় এক মহিলাসহ ছয় শিশু নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলী আক্রমণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ভারতীয় দুজন সৈন্য আহত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।এছাড়া শনিবার ইসরাইলের বিমান হামলায় লেবানন -- সিরিয়া ক্রসিং পয়েন্টটি বিচ্ছিন্ন করে দিয়েছে।
অন্যদিকে, হিজবুল্লাহ গেরিলারা শনিবার উত্তর ইসরাইলে ৯০টি রকেট হামলা চালায় বলে জানা যায়। হিজবুল্লাহ’র নেতা সায়ীদ হাসান নাসরাল্লাহ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শুধু ইসরাইলের স্বার্থ আদায়ের প্রতি মনোযোগী বলে রাইসকে অভিযুক্ত করেছেন।
নাসরাল্লাহ বলেন, ‘মধ্য ইসরাইলের বহু শহর আমাদের রকেট হামলার আওতার মধ্যে রয়েছে। ইসরাইল যদি আমাদের দেশের ওপর বর্বরোচিত এই হামলা বন্ধ না করে তাহলে আমরাও ইসরাইল প্রতিরোধ আক্রমণ অব্যাহত রাখবো।’
রাইস এই সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের সাথে সাক্ষাত করলেও তাকে অবিলম্বে যুদ্ধ বিরতি ঘোষণা করতে কোনো চাপ প্রয়োগ করেননি বলে জানান ইসরাইলী রাজনীতিকরা। তবে রাইস ওলমার্টকে লেবাননের অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
