মুম্বাইয়ে বোমা হামলার সাথে জড়িত থাকার দায়ে চিকিৎসক গ্রেপ্তার, ২০ জন আটক
ভারতের মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) ১১ জুলাই মুম্বাইয়ের ট্রেনে সিরিজ বোমা হামলায় জড়িত থাকার দায়ে একজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে। এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃত চারজন হচ্ছে--কামাল আনসারী, খালিদ শেখ, মমতাজ চৌধুরী এবং পারভীন আনসারী।
এটিএস জানায়, এর আগে সন্ত্রাস বিরোধী স্কোয়াড’র অপরাধ শাখা যৌথভাবে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বোমা হামলার সাথে জড়িত থাকার দায়ে ২০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত পারভীন আনসারী মুম্বাইয়ের একজন ইউনানী চিকিৎসক।
মুম্বাইয়ের অপরাধ শাখা গ্রেপ্তারকৃত পারভীন আনসারীকে গত পাঁচদিন ধরে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। তাকে রোববার রাতে এটিএস’র কাছে হস্তান্তর করা হয়।
এটিএস আরও জানায়, আনসারী পাকিস্তানে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যাদি সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছে। যেসব এলইটি ক্যাডাররা এ বোমা হামলা চালিয়েছে তাদের প্রধান প্রণোদনাকারী বলে আনসারীকে সন্দেহ করা হচ্ছে। আনসারী মুম্বাইয়ের অনেক যুবককে এলইটি প্রশিক্ষণের জন্য পাকিস্তান এবং জম্মু ও কাশ্মিরের বিভিন্ন জায়গায় পাঠিয়েছে বলে এটিএস সন্দেহ করছে।
