আগামী বছর পদত্যাগ করবেন ব্লেয়ার:প্রাক্তন প্রেস সেক্রেটারি
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ব্লেয়ারের প্রাক্তন প্রেস সেক্রেটারি এলস্টেয়ার ক্যাম্পবেল।
কবে নাগাদ তিনি পদত্যাগ করবেন--প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি বরিস জনসনের এ প্রশ্নের জবাবে ক্যাম্পবেল বলেন যে এক বছরের কিছু বেশি সময় পরে তিনি পদত্যাগ করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সোমবার রাশিয়ায় শেষ হয়ে যাওয়া জি৮ সম্মেলনে ব্লেয়ার বলেন যে আগামী বছরে অনূষ্ঠিত জি৮ এর সম্মেলনের জন্য তিনি অপেক্ষা করছেন। তার এ বক্তব্য এ ইঙ্গিতই দেয় যে তিনি কমপক্ষে আরও এক বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
পরপর তিনবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী ব্লেয়ার জানিয়েছেন যে ২০১০ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করবেন। তবে তিনি কোন সঠিক তারিখ জানাননি।
ব্লেয়ার সরকার এবং তার লেবার পার্টি নিয়ে বেশ কিছু স্ক্যান্ডাল ছড়ানোর পরে তার পদত্যাগের পক্ষের আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে।
১৯৯৪ সালে ব্লেয়ার প্রথমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ক্যাম্পবেল তার প্রেস চীফ হিসেবে নিযুক্ত হন। পরে ২০০৩ সালে ক্যাম্পবেল পদত্যাগ করেন।
