লেবাননের নেতারা ঐক্যের আহ্বান জানিয়েছেন, ভারত লেবানন থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে
বহু সংস্কৃতির দেশ লেবানের জনগনের প্রতি একত্রিত থাকার আহ্বান জানিয়েছেন সেদেশের নেতারা।
লেবাননে ইসরাইলি হামলার অষ্টম দিনে প্রাক্তন প্রেসিডেন্ট রফিক হারিরির ছেলেসহ সেদেশের নেতারা এ আহ্বান জানান বলে বিভিন্ন বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে।
১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মেরোনাইট খ্রিস্টান আমিন জামায়েল বলেন যে দেশটি ডুবে যাচ্ছে এবং ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য লেবাননিদের একসাথে কাজ করা উচিত।
সীমান্তে অভিযান চালিয়ে ইসরাইলি দুই সৈন্যকে শিয়া মুসলমানদের নিয়ে গঠিত জঙ্গি বাহিনী হিজবুল্লাহ অপহরন করার পর ১২ই জুলাই থেকে ইসরাইলি জাহাজ এবং যুদ্ধবিমান লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
এর জবাবে হিজবুল্লাহও ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালায়।
অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী লেবানন ও ইসরাইলের মধ্যেকার এ সহিংসতা দ্রুত বন্ধের আহ্বান জানিয়ে বলেন যে এ সহিংসতার কারনে লেবানন ’ছিন্ন ভিন্ন’ হয়ে যাচ্ছে।
ফুয়াদ সিনিওরা জানিয়েছেন সপ্তাহব্যাপী ইসরাইলের এ হামলায় ৩০০ জনেরও বেশি ব্যক্তি মারা গেছে এবং পাঁচ লাখ ব্যক্তি তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
বুধবার এ সহিংসতায় লেবাননে ৬০ জনেরও বেশি ব্যক্তি এবং ইসরাইলে দুই শিশু নিহত হয়েছে।
ইতোমধ্যে লেবাননে অবস্থানকারী প্রায় এক হাজার ভারতীয়কে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি নয়াদিল্লী বাসে করে ৪৯ জনকে বৈরুতের বাইরে সরিয়ে নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নাভজেত সারনা জানান চারটি ভারতীয় জাহাজ লেবানেন ভীড়েছে এবং কয়েকদিনের মধ্যেই তারা ভারতীয় জনগনকে দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করবে।
তিনি আরও বলেন যে শ্রীলংকা ও নেপাল তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
