লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলা
ইসরায়েলি বাহিনী বৈরুতের হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় শহরের অস্ত্র ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সেনা সূত্র জানিয়েছে।
এদিকে হিজবুল্লাহ গেরিলারাও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে।
লেবাননের দক্ষিণনাঞ্চল থেকে লোকজন বাড়ি ঘর ফেলে অন্যত্র চলে যাওয়ায় সেখানে মানবিক দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে জাতিসংঘের ত্রাণ সমন্বয়কারী জানিয়েছেন।
ইসরায়েলি হামলায় গত ছয় দিনে লেবাননের ২০০ জনেরও বেশি লেবাননের নাগরিক নিহত হয়েছে। অপরদিকে হিজবুল্লাহ গেরিলাদের হামলায় নিহত হয়েছে ২৪ ইসরায়েলি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, অপহৃত দু’ ইসরায়েলি সেনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেছেন, হিজবুল্লাহ গেরিলাদের নিরস্ত্র হওয়া উচিত এবং সেইসাথে লেবাননের দক্ষিণাঞ্চলে সে দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া উচিত।
তিনি আরো বলেন, আমরা যুদ্ধ অথবা সরাসরি কোনো শত্র“তা চাই না। কিন্তু দরকার হলে আমরা তা করব।
এদিকে উপকূলীয় শহর তায়ারে ইসরায়েলি হামলায় একজন মহিলা ও তার দু’সন্তান এবং শ্রীলঙ্কান গৃহপরিচারিকা নিহত হয়েছে।
বৈরুতের নিকটবর্তী লেবাননের সেনা ঘাঁটিও ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল বলে জানা গেছে।
ইসরায়েলি সেনা সূত্র জানায়, গত রাতে হিজবুল্লাহ গেরিলারা ইসরায়েলের প্রায় ১৫টি শহরে রকেট হামলা চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
ইসরায়েলের ক্রমাগত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ও ইসরাইলের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
