২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলা আরও জোরদার: নিহতের সংখ্যা ৬০ এ উন্নীত

দুজন ইসরায়েলি সেনা অপহরণের পরিপ্রেক্ষিতে তৃতীয় দিনের মতো শুক্রবার লেবাননে ইসরায়েলি হামলা আরও জোরদার করা হয়। শুক্রবার ভোর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুত বিমানবন্দর, সিরিয়ার রাজধানীগামী সড়ক এবং বিদ্যুৎ কেন্দ্রে আরও ব্যাপক বিমান হামলা চালায়। সর্বশেষ নৌ ও বিমান হামলায়

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ইসরায়েল হিজবুল্লাহদের ১৮ টি স্থাপনায় আঘাত হেনেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী সূত্র জানিয়েছে।

এ ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। অব্যাহত হামলার ফলে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

বার্তা সংস্থাগুলো জানায়, ইসরায়েলি জেট বিমান হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ বৈরুত ও বৈরুত-দামাস্কাসের প্রধান সড়কে হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণ বৈরুতে শুক্রবার ভোরে সাতটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। বৈরুতের অন্যান্য শহরতলীতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৈরুতের সব জায়গায় আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। বৈরুতের শহরতলীতে হিজবুল্লাহ প্রধানের সদরদপ্তরে শুক্রবার ভোরের আগে ইসরায়েলি বাহিনী তাদের হামলা জোরদার করে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে ইসরায়েলি এলাকায় হিজবুল্লাহ গেরিলারাও পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় হিজবুল্লাহরা হামলা চালিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

ইসরায়েল হিজবুল্লাহ গেরিলা প্রধান হাসান নাসরাল্লাহকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী রনি ব্যারন সরকারি রেডিওতে বলেন, নাসারাল্লাহ তার নিজের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন। সময় এলেই আমরা তার সাথে আমাদের হিসাব চুকিয়ে দেব। মৌলবাদী শিয়া গেরিলা গ্র“প হিজবুল্লাহর ব্যাপারে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিচারমন্ত্রী হামোন রামোন জানান, আমেরিকা যেমন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন, রাশিয়া যেমন চেচেন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাসারাল্লাহর বিরুদ্ধে তাদের অবস্থানও তেমনি।

জাতিসংঘ মহাসচিব কফি আনান মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনার জন্য তার বিশেষ রাজনৈতিক উপদেষ্টা ভিজে নাম্বিয়ারকে প্রধান করে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন। দলটি প্রথমে মিশরের রাজধানী কায়রো সফর করবে এবং পরে ইসরায়েল, ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণাধীন এলাকা, লেবানন এবং সিরিয়ায় যাবে।

এর আগে আনান অপহৃত দুই সেনাকে লেবানন থেকে মুক্তি দেওয়ার জন্য হিজবুল্লাহ গেরিলাদের প্রতি আহ্বান জানান। তিনি লেবানন সরকারকে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান।

এদিকে বিশ্ব নেতৃবৃন্দ ইসরায়েলের এ হামলার ফলে মধ্য এশিয়ায় আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার এ ব্যাপারে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এতে নিরাপত্তা পরিষদের কাছে লেবানন যুদ্ধবিরতির প্রস্তাব আনার আহ্বান জানায়। লেবাননের প্রধানমন্ত্রী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করবেন বলে প্রতিশ্র“তি দিয়েছেন।

রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) লেবানন ও গাজা এলাকায় অব্যাহত সংঘাতে নিরীহ মানুষের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রেডক্রস হিজবুল্লাহদের কাছে অপহৃত ইসরায়েলি সেনাদের প্রতি মানবিক ব্যবহার এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা ও পরিবারের সদস্যদের কাছে তাদের খবর পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্যও আবেদন জানিয়েছে।

এদিকে লেবাননের পাশাপাশি ফিলিস্তিন ও গাজায়ও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনের দেইর আল বালায় ফিলিস্তিনি একটি ট্রাকে গোলা নিক্ষেপ করে। ট্রাকটি তাদের অবস্থানের দিকে ছুটে আসছিল। ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও এক আরোহী নিহত হন।

এছাড়া ইসরায়েলি বাহিনী বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শুক্রবার গাজার আল জাহারা শহরের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে। এই সেতুটি মধ্য ও দক্ষিণ গাজার মধ্যে সড়ক যোগাযোগের মাধ্যম ছিল।

দক্ষিণ গাজার আল শেখ জায়েদের পাশে বায়েত লাহিয়ায় বোমা হামলা চালিয়ে হামাসের একজন সাংসদের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে দক্ষিণ গাজার ভিতরে ও বাইরে ইসরায়েলি বাহিনী তাদের ট্যাঙ্ক নিয়ে মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।