২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখান করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ কাসুরি মঙ্গলবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 12:32 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ভারতের কড়া সমালোচনা করে কাসুরি বলেন পাকিস্তান সম্পর্কে এ ধরনের মন্তব্য করার আগে ভারতের নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালায় পাকিস্তানের অভ্যন্তরে গেরিলা দলগুলো অবস্থান করে সন্ত্রাসী কর্মকান্ড সক্রিয় রেখেছে এবং পাকিস্তানের এসব জঙ্গী সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত- এ ধরনের মন্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মুম্বাইয়ে বোমা হামলার পর দেশবাসীকে জাতিগত দাঙ্গায় জড়িয়ে না পড়তে অনুরোধ জানিয়েছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনায় ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা বাধঁতে পারে বলে অনেকে আশংকা করছেন।

ভারতীয় পুলিশ এই বোমা হামলার পেছনে পাকিস্তানের একটি ইসলামী চরমপন্থী সংগঠন জড়িত বলে জানালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাখান করে বোমা হামলার সাথে তার দেশের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান।

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত কাসুরি যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ এবং দায়ী করার ভারতীয় প্রবণতা গ্রহণযোগ্য নয় বলেও জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ কাসুরি মুম্বাইয়ের রেল নেটওয়ার্কে সিরিজ বোমা হামলাকে অত্যন্ত নিন্দনীয় কাজ বলে অভিহিত করেন।

এই সিরিজ বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ২০০ জনের মৃত্যুর খবর পাওযা গেছে।