চিকিৎসকদের ধর্মঘটে দিল্লীতে রোগীদের মধ্যে ক্ষোভ
দিল্লীর প্রধান সরকারি হাসপাতাল এআইআইএমএস’র চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় সেখানের রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
হাসপাতালটির পরিচালক পি. ভেনু গোপালকে বরখাস্ত করার প্রতিবাদে চিকিৎসকরা তৃতীয় দিনের মতো এ কর্মবিরতি পালন করছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
চিকিৎসকদের কর্মবিরতি পালনের ফলে রোগীরা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
‘কোড অব কনডাক্ট’ লঙ্ঘনের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রনালয় বুধবার ভেনু গোপালকে বরখাস্ত করার পরই হাসপাতাল কর্মীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়।
চিকিৎসকদের ধর্মঘটের ফলে বিনা চিকিৎসায় এক রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালটির সুপারেনটেনডেন্ট এ অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
দিল্লীর মওলানা আজাদ মেডিকেল কলেজ, লেডি হার্ডিঞ্জ ও এলএনজেপি, চণ্ডিগড়ের পিজিআই এবং কোলকাতার এলকেএন হাসপাতালের চিকিৎসকরাও এ ধর্মঘটে সমর্থন দিয়েছেন।
এদিকে মঙ্গলবার রাতে এআইআইএমএস হাসপাতালের একটি তাঁবুতে অগ্নিসংযোগ করা হলে পুলিশের সাথে বিক্ষুব্ধ চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জানিয়েছে, ভেনু গোপালকে তার পদে অধিষ্ঠিত করা না হলে দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠবে।
ভেনু গোপালকে বরখাস্তের বিরুদ্ধে আবেদনের পর দিল্লীর উচ্চ আদালতে শুক্রবার শুনানি শুরু হয়।
