২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকাকোলা কোম্পানীর বাণিজ্যিক গোপন তথ্য বিক্রির অভিযোগ

বিশ্ববিখ্যাত পানীয় কোকাকোলা তৈরীর গোপন কৌশল চুরি করে এর প্রধান প্রতিদ্বন্দ্বী পেপসিকো’র কাছে বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালত তিন ব্যক্তিকে অভিযুক্ত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 11:34 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

অভিযোগে বলা হয়েছে প্রশাসনিক কর্মী জয়া উইলিয়ামস ফাইলপত্র ঘেটে দেখে এবং নতুন উৎপাদিত কোকাকোলার একটি পণ্য এবং কিছু নথিপত্র তার ব্যাগে ভরে নেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কোকাকোলা তৈরীর কৌশল চুরির ক্ষেত্রে অভিযুক্ত আরও দুইজন হলেন ইব্রাহিম দিমসন এবং এডমন্ড দুহানি।

এদিকে পেপসিকো জানায় যে তথ্য বিক্রি করার জন্য জনৈক ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করলে তারা তা এফবিআই এবং কোকাকোলাকে জানায়।

কোকাকোলার চীফ এক্সিকিউটিভ নেভিল ইসদেল কোকাকোলা তৈরীর এসব তথ্যকে তাদের কোম্পানীর প্রাণ বলে উল্লেখ করে বলেছেন যে ভিন্নধর্মী লাল ও সাদা ক্যানে বাজারজাত করা তাদের এ পানীয়ের গোপন তথ্য বিক্রির বিষয়টির সাথে কোন অবস্থাতেই আপোস করা হবেনা।

এদিকে পেপসিকো’র মুখপাত্র দেভ দেকেকো তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটিকে সাহায্য করায় সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে প্রতিদ্বন্দ্বীতা তীব্র হতে পারে তবে তা অবশ্যই স্বচ্ছ ও বৈধ হওয়া উচিৎ।

তদন্তকারীরা জানায় যে মে মাসে ’দিরক’ নামক এক কোম্পানীর পক্ষ থেকে এক ব্যক্তি পেপসিকোকে চিঠি দেয় এবং দাবী করে যে সে কোকাকোলা কোম্পানীর এক উচ্চ পর্যায়ের কর্মচারী এবং তার কাছে গোপন তথ্য রয়েছে।

এফবিআই’এর একজন প্রতিনিধি দিমসন নামক সে ব্যক্তির সাথে জুন মাসে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতের সময় দিমসন তাকে একটি খাম এবং একটি বোতলে কোকাকোলার  কিছু তরল নমুনা দেন। এসময় তিনি দিমসনকে ৩০,০০০ মার্কিন ডলার দেন এবং পরবর্তীতে আরও ৪৫,০০০ ডলার প্রদানের আশ্বাস প্রদান করেন।

জুন মাসের ২৭ তারিখে ১৫ লাখ ডলারের বিনিময়ে অন্য এক ব্যক্তি প্রায় ১২০ বছরের পুরোনো পানীয় কোকাকোলার গোপন তথ্য বিক্রির অফার দেয় এবং দুই ব্যক্তি অর্থ আদান প্রদানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে একই দিনে সন্দেহভাজন তিন ব্যক্তিকেই গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানায় যে উইলিয়ামস যে একটি বোতলে তরল পদার্থ ধরা অবস্থায় ফাইল ঘাটাঘাটি  করেছে সে সংক্রান্ত ভিডিওচিত্র তাদের কাছে আছে।

উইলিয়ামস, দিমসন এবং দুহানিকে বৃহস্পতিবার আটলান্টায় ম্যাজিট্রেটের সামনে হাজির করা হয়।

এদিকে মার্কিন এটর্নি ডেভিড নাহমিয়াস বলেন যে মূল্যবান বাণিজ্য তথ্য বিক্রির বিষয় কখনই সহ্য করা হবেনা।