২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নেতা মোল্লা ওমর আফগানিস্তানে লুকিয়ে রয়েছে: পাকিস্তান

তালেবান নেতা মোল্লা ওমর আফগানিস্তানে লুকিয়ে থাকতে পারে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার উল্লেখ করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পররাষ্ট্রমন্ত্রী খুরশেদ কাসুরি বলেন, পাকিস্তান আফগানিস্তানের সাথে একসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

বিভিন্ন বার্তা সংস্থাকে কাসুরি বলেন, গত কয়েক মাসে আমরা আফগানিস্তানের সীমান্তবর্তী আমাদের উপজাতি এলাকায় ১০ হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়েছি এবং এ পর্যন্ত মোট  ৯০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে, যা আমাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচায়ক।

সপ্তাহান্তে পাকিস্তানের একটি স্বাধীন বার্তা কেন্দ্র থেকে ওমরের একটি অডিও টেপ প্রচার করা হয় যেখানে তিনি বলেন, আফগানিস্তানের সংকট নিরসনের ক্ষমতা কোয়ালিশন এবং আফগান সরকারের নেই।

২০০১ সালে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে ওমর ক্ষমতাচ্যুত হন। টেপে ওমর দাবি করেন যে তালেবানরা এখনো আফগানিস্তানের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাই এই দাবি নাকচ করেদেন।