উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অনুপ্রবেশ
সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে উত্তর গাজায় ইসরায়েলি সৈন্যরা অনুপ্রবেশ করেছে। প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনীরা জানায়, বেইট হানাউন শহরের কাছে ইসরাইলি ট্যাংক বহর গাজা সীমান্ত অতিক্রম করেছে।
গত বুধবার ইসরাইলি সৈন্যরা দক্ষিণ গাজায় অবস্থান নেওয়ায় সেখানে বিমান চলাচল বন্ধ রয়েছে, তবে কোনো সহিংস ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
পশ্চিম তীরে হামাস সরকারের কমপক্ষে ১০ জন মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যকে ইসরায়েল আটক করেছে, যাদের মধ্যে উপ-প্রধানমন্ত্রী নাসের আল শাহারসহ চারজন মন্ত্রী রয়েছেন।
গত শনিবার সীমান্ত এলাকা হতে একজন ইসরাইলি সৈন্যকে ফিলিস্তিনীরা সৈন্যরা আটক করেছে এবং এ ঘটনার আগে আরও দুই জন ইসরাইলি সৈন্য সেখানে নিহত হয়েছিল।
আটককৃত সৈন্যকে মুক্তি না দিলে ইসরাইল গাজা সীমান্তে আরো সৈন্য মোতায়েনের হুমকি দিয়েছে। সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের জন্য হামাস সরকারকে ইসরাইল নাটকীয়ভাবে চাপ প্রয়োগ করছে বলে বার্তা সংস্থা জানিয়েছে।
এদিকে ফিলিস্তিনী প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসরাইলের হামলাকে সমর্থন করায় ওয়াশিংটনের সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একজন মুখপাত্র বলেন, ইসরাইলের এই হামলার অধিকার রয়েছে।
হানিয়া গাজার সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আরব লীগকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই ইসরাইলের এই হামলা বন্ধ করা উচিত বলে তিনি মনে করেন।
জাতিসংঘ মহাসচিব কফি আনান আশা করেন কূটনৈতিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান সম্ভব। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ সংকট ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, গত বুধবার ইসরাইলের কয়েকটি জেট বিমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবনের সামান্য ওপর দিয়ে উড়ে গিয়েছিল।
