ভিয়েতনামে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত
ভিয়েতনামের সংসদ সদস্যদের ভোটে কম্যুনিস্ট পার্টির নেতা গুয়েন মিন ট্রিট দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
একক প্রতিদ্বন্দ্বী হিসেবে হোচি মিন সিটির কম্যুনিস্ট পার্টির প্রধান গুয়েন মিন ট্রিট ৯৪% ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন।
সমাজতান্ত্রিক দেশ ভিয়েতনামে কম্যুনিস্ট পার্টির জন্য নতুন নেতৃত্বের সন্ধানে দলের ভেতর এই পুর্নবিন্যাস এবং রদবদল আনা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে ৫৬ বছর বয়স্ক উপ- প্রধানমন্ত্রী গুয়েন টান ডুং কে ভিয়েতনামের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী ফান ভান খাই পদত্যাগ করলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ মনোনয়ন পান।
ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে গুয়েন মিন ট্রিটকে দুর্নীতি কবলিত দেশটির নানাবিধ সমস্যা মোকাবেলা করতে হবে।
জাতীয় রাজনীতিকে স্থীতিশীল রাখতে তাকে আরো বেশী সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে অনেকে মনে করছেন। দেশটির অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে আভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বেসরকারীকরণেও তাকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়া, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং এশিয়া প্যাসেফিক ইকোনোমিক কো-অপারেশন (অ্যাপেক) এর প্রত্যাশিত সদস্যপদ লাভেও ভিয়েতনামের এই রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে।
