প্রথানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তিমুরবাসীর বিক্ষোভ প্রদর্শন
তিমুরের প্রধানমন্ত্রী মেরি আলকাতিরির পদত্যাগের দাবিতে হাজার হজার বিক্ষোভকারী শুক্রবার রাজধানী দিলিতে বিক্ষোভ প্রদর্শন করেছে।
প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে রাষ্ট্রপতি জানানা গুসমাও পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। গুসমাওয়ের সমর্থকরা শহরে প্রবেশ করে রাষ্ট্রপতির সমর্থনে রাতভর তার বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
রাষ্ট্রপতির সমর্থক আগোস্তো জুনিও প্রধানমন্ত্রীকে কমিউনিস্ট ও অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন, সমস্যা সৃষ্টির জন্য তিনিই দায়ী। তাই রাষ্ট্রপতির কখনই পদত্যাগ করা উচিত নয়।
এ সপ্তাহের শুরুতে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করতে একটি সশস্ত্র বাহিনী গঠনে সম্মত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে জুনিও প্রধানমন্ত্রী আলকাতিরিকে পদত্যাগের পরামর্শ দেন কিন্তু আলতাকিরি তা প্রত্যাখ্যান করেন।
এদিকে গুসমাও, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী জোস রামোস হর্তা এবং দিলির বেশ কয়েকজন উচ্চ পদস্থ যাজক এ বিষয়ে আলোচনায় বসেন। আলোচনায় আলকাতিরি যোগ দিতে পারেন বলেও তারা জানান।
দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মে মাসের শেষের দিকে প্রতিবাদের প্রেক্ষিতে সহিংসতা দেখা দেওয়ায় কমপক্ষে ২১ জন মারা যায়। এ ঘটনার পরই আলকাতিরিকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হয়।
এ সহিংসতা দেখা দেওয়ার প্রেক্ষিতে ২২০০ জনেরও বেশি বিদেশি শান্তিরক্ষী বাহিনীকে সেখানে প্রেরণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কিন্তু এখন পর্যন্ত গুসমাওয়ের পদত্যাগের হুমকি আলকাতিরিকে টলাতে পারেনি। বরং আলকাতিরি জানিয়েছেন, তিনি পদত্যাগ করলে সমস্যা আরও জটিল আকার ধারণ করবে।
