২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহযুদ্ধের প্রান্তে শ্রীলংকা- বিশেষজ্ঞদের অভিমত

গত কয়েক সপ্তাহে বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের সহিংসতায় শ্রীলংকার আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং ক্যাথলিক চার্চে সেদেশের সেনাবাহিনী গোলাবর্ষণ এবং গ্রেনেড হামলা দেশটিকে গৃহযুদ্ধের প্রান্তে উপনীত করেছে বলে বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 10:31 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শ্রীলংকার উত্তর-পশ্চিমে অবস্থিত পেসালেই নামক জেলেপাড়ার একটি ক্যাথলিক চার্চে শ্রীলংকান সেনাবাহিনীর গোলাবর্ষণ এবং গ্রেনেড হামলা চালালে পাঁচজন সাধারন জনতা নিহত এবং বহু সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।

এই হামলা চালানোর সময় ক্যাথলিক চার্চটিতে প্রায় ২০০ জন শরনার্থী এখানে আশ্রয় নিয়েছিল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আওয়ার লেডি অব ভিক্টরি চার্চে সেনাবাহিনীর এই হামলায় আহতদের একজন মারিয়াদেস লগু বলেন, “সেনাবাহিনী যখন গোলাবর্ষণ করছিল তখন আমরা চার্চের ভেতরে ছিলাম। এক পর্যায়ে তারা একটি গ্রেনেড ছুঁড়ে মারে। যারা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে তারাই যদি নাগরিকদের ওপর চড়াও হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো?”

এদিকে শ্রীলংকার সেনাবাহিনী এই হামলার দায়িত্ব অস্বীকার করে তামিল বিদ্রোহীদের এই হামলার জন্য দায়ী করেছে।

শ্রীলংকান সেনাবাহিনী ক্যাথলিক চার্চে হামলা চালানোর কয়েকঘন্টা আগে তামিল গেরিলারা এই জেলেপাড়ার নৌবাহিনীর একটি ক্যাম্পে আত্রমণ চালালে এই সংঘর্ষের সূচনা হয়।

গত কয়েক সপ্তাহে বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের সহিংসতায় দেশটির আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।

২০০২ সালে তামিল টাইগারদের সাথে সরকারের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গত কয়েকদিনে সেখানে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে।

শ্রীলংকার উত্তর-পূর্ব তামিল অধ্যুষিত অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবীতে লিবারেশন টাইগারস অব তামিল ইলম এই আন্দোলন চালিয়ে আসছে।

এদিকে, শ্রীলংকায় গত কয়েকদিন ধরে চলা সহিংসতা ও রক্তপাতের ঘটনা পর্যালোচনা করে বিশেজ্ঞরা  দেশটি আবারো গৃহযুদ্ধের মুখে পড়তে যাচ্ছে বলে ধারনা করছেন।

২০০১ সালে কলম্বোর বিমান বন্দরে যে রকম আত্মঘাতি বোমা হামলা চালানো হয়েছিল তামিলরা আবারো পর্যটকদের ওপর এ ধরনের ভয়াবহ আক্রমণ চালাতে পারে বলেও তারা আশংকা প্রকাশ করেছেন।

বিমান বন্দরের ঐ হামলায় দেশটির বিমান যোগাযোগ, পর্যটন এবং অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

শ্রীলংকার জাতীয় শান্তি পরিষদের ডিরেক্টর জেহান পেরেরা দেশটিতে চলমান রাজনৈতিক সংকট চলতি দশকে চরম আকার ধারন করতে পারে বলে জানিয়েছেন।

তামিল বিদ্রোহীরা তাদের দাবী আদায়ে নিরীহ নাগরিকদের ওপর আক্রমণ চালানোসহ শ্রীলংকার সরকারকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।