গ্রেফতারের ৯ দিন পর জামিনে মুক্তি পেলেন মাদক অভিযোগে গ্রেফতার রাহুল মহাজন
দিল্লির একটি বিশেষ আদালত বিজেপির প্রয়াত নেতা এবং সাংসদ প্রমোদ মহাজনের পুত্র রাহুল মহাজনকে ২ লাখ রুপী জামানত প্রদানসহ বিশেষ শর্তে জামিন দিয়েছে ।
বিশেষ আদালত রাহুলকে তার পাসপোর্ট জমা দিতে এবং তার বিরুদ্ধে চার্জশীট গঠনের পূর্ব পর্যন্ত তাকে দিল্লীতে ছেড়ে না যাওয়ার জন্য নির্দেশ দেয়।
এছাড়া এই আদালত রাহুলকে তার স্বাক্ষীদের সাথে সাক্ষাত না করতেও নির্দেশ দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে এই মামলার বিবাদী দল রাহুলের জামিনে মুক্তিলাভের বিরোধিতা করে রাহুলের বিরুদ্ধে নিষিদ্ধ মাদকদ্রব্য গ্রহণ এবং সংরক্ষণের যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে।
রাহুলের সাথে অভিযুক্ত আরেক ব্যক্তি সাহিল জারো এবং প্রধান স্বাক্ষী করন আহুজার দেয়া বিবৃতির ওপর নির্ভর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (এনডিপিএস) -এর বিশেষ ধারায় এই বিচার প্রক্রিয়া চলছিল।
বিশেষ আদালতটি জানায়, বিবাদিরা রাহুলের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচারের এবং নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য সংরক্ষণের যথাযথ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
চিকিৎসারত রাহুলকে ৫ জুন দিল্লির এ্যাপোলো হাসপাতাল থেকে নিষিদ্ধ কোকেন এবং হেরোইন সেবন এবং মাদকদ্রব্য সংরক্ষণের অভিযোগে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -এর আওতায় গ্রেফতার করা হয়েছিল।
