গুয়ানতানামো বে কারাগার থেকে ৯৬ জন আফগান বন্দীকে মুক্তি দেবার প্রতিশ্র“তি
কিউবার ভূ-খন্ডে অবস্থিত মার্কিন কুখ্যাত বন্দীশিবির গুয়ানতানামো বে থেকে ৯৬ জন আফগান বন্দী নাগরিককে যুক্তরাষ্ট্র অতিসত্বর আফগানিস্তানের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিষয়ক উপদেষ্টা আব্দুল জাবার সাবেত।
গুয়ান্তানামো বে পরিদর্শন শেষে দেশে ফিরে তিনি একথা জানান।
সাবেত বন্দীদের মুক্তি পাওয়ার কোনো সুনির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখ না করলেও সকল আফগান বন্দীর মুক্তির প্রক্রিয়া গুছিয়ে আনতে কয়েকমাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন।
৯৬ জনের আফগান বন্দীদের মধ্যে ৯৪ জন আফগান নাগরিক ছাড়াও একজন তাজিক এবং একজন লিবিয়ান বংশোদ্ভুত বন্দী যারা আফগানিস্তানেরও নাগরিক তারা রয়েছে বলে তিনি জানান।
আফগান সরকারের প্রেরিত একটি দলের প্রতিনিধি হিসেবে সাবেত এই বন্দীশালায় ১০ দিন সময় কাটান। এ সময় তিনি এই বন্দীশালায় আটক আফগানীদের সাথে সাক্ষাত করেন এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং মামলার বিস্তারিত খোঁজ খবর নেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
আব্দুল জাবার সাবেতের দলটি দেশে ফিরে আসার কয়েকদিন পরেই এই বন্দীশালায় তিনজন বন্দী মার্কিন নির্যাতনে অতীষ্ঠ হয়ে আত্মহত্যা করে।
গুয়ানতানামো বে-র এই বন্দীশিবিরে প্রায় ৪৬০ জন বন্দী রয়েছেন যাদের মার্কিন নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর হামলায় আফগানিস্তানে তালেবান সরকারের পতনের পর গ্রেফতার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ২০০২ সালে এই কুখ্যাত বন্দীশালাটি খোলার পর সন্ত্রাসের সাথে যুক্ত থাকার অভিযোগে মাত্র ১০ জন কয়েদীকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেছে যাদের কাউকেই বিচারের জন্য এ পর্যন্ত আদালতে হাজির না করে আটক অবস্থায় রাখা হয়েছে।
আফগানিস্তারের হামিদ কারজাই-এর সরকার এসব বন্দীদের মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রচেষ্টার ফলস্বরুপ ইতোমধ্যে কয়েকজন আফগান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
