২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরাইলী বিমান হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নিহত

ফিলিস্তিন সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জামাল আবু সামহাদানা গাজা উপত্যকার রাফাহ শহরের এক প্রশিক্ষণ ক্যাম্পে ইসরাইলী বিমান হামলায় নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এই হামলায় আরো তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

‘পপুলার রেজিসট্যান্স কমিটি’ নামের জঙ্গি দলের প্রতিষ্ঠাতা জামাল আবু সামহাদানা হামাস নিয়ন্ত্রিত সরকারের উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। হামাস তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদে নিয়োগ দেওয়ায় ফিলিস্তিনের   বিরোধী দল ফাতাহ্ এবং ইসরাইল তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করে।

এদিকে ইসরাইল এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, ইসরাইলে জঙ্গি হামলা প্রতিহত করতে ফিলিস্তিনি জঙ্গিদের উপর এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলের কাছে তালিকাভূক্ত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সামহাদানাকে ২০০৩ সালে মার্কিন গাড়ি বহরে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয়। সামহাদানার ‘পপুলার রেজিস্ট্যান্স কমিটি’ ইসরাইলে নিয়মিত রকেট লাঞ্চার হামলা করে আসছে। এর আগে ইসরাইল সামহাদানাকে হত্যার জন্য চারবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।