ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরির অগ্নূৎপাতের ভয়ে হাজার হাজার মানুষ এলাকা ছাড়ছে
ইন্দোনেশিয়ার মেরাপি পর্বতের আগ্নেয়গিরির লাভা দ্রুতগতিতে উদগিরিত হওয়ায় হাজার হাজার মানুষ এলাকার ছেড়ে যাচ্ছে বলে সেদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
এ আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরন হতে পারে এ আশংকায় মে মাসের ১৩ তারিখে এখানে বিপদ সংকেত দেখানো হলেও দশ দিন আগে এ অঞ্চলে ভূমিকম্প হওয়ায় লোকজন ভীত সন্তস্ত্র হয়ে পড়ে।
গত শতাব্দীর শুরুতে লাভা উদগিরিত হওয়ায় গেগার বোয়ো পাহাড়ের গায়ে যে ঢাল তৈরী হয়েছিল তা এতদিন পাহাড়টির দক্ষিণ- পূর্ব ও পূর্বাঞ্চলে লাভা উদগিরনে বাধা দিলেও বর্তমানে সেটি ভেঙ্গে গেছে বলেও কর্মকর্তারা জানান। ফলে লোকালয়ে লাভা ছড়িয়ে যেতে শুরু করেছে।
দক্ষিণ মেরাপি থেকে ৩০ কিলোমিটার দূরে ইয়াগোকার্টায় অবস্থিত আগ্নেয়গিরি অফিসের এক কর্মকতা ট্রিয়ানি বলেন পাহাড়ের ঢাল ভেঙ্গে যাওয়ায় দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে লাভা ও গরম ধোঁয়ার মেঘ উদগিরিত হচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
আগ্নেয়গিরির কাছাকাছি অবস্থিত গ্রামের কয়েক শ’ অধিবাসীদের সোমবার কর্তৃপক্ষ সরিয়ে নেবার ব্যবস্থা করলেও স্বেচ্ছায় তাদের সাথে কয়েক হাজার অধিবাসী যোগ দেয়।
ঘন মেঘ পুরো পর্বতকে আচ্ছন্ন করে রাখায় আতঙ্কের মাত্রা বেড়ে গেছে বলে ইয়োগোকার্টার পাতেমে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকতা সুকাপতি জানিয়েছেন।
